Views Bangladesh Logo

মামলা প্রত্যাহার না করলে মিলবে না সরকারি প্রণোদনা: বাংলাদেশ ব্যাংক

সরকারের নীতি সহায়তা বা প্রণোদনা পেতে হলে সরকার, বাংলাদেশ ব্যাংক কিংবা সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে করা মামলা বা রিট আবেদন প্রত্যাহার করতে হবে বলে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সম্প্রতি দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক গাজী মো. মাহফুজুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, মামলা প্রত্যাহারের আগে কোনো ঋণগ্রহীতার আবেদন বিবেচনা করা যাবে না।

চিঠিতে উল্লেখ করা হয়, রপ্তানিমুখী বন্ধ শিল্পকারখানা চালু, কৃষি, সিএমএসএমইসহ বিভিন্ন খাতের ঋণগ্রহীতাদের ব্যাংকের মাধ্যমে সরকারের বিভিন্ন প্রণোদনা ও নীতি সহায়তা দেওয়া হচ্ছে। তবে দেখা যাচ্ছে, কিছু গ্রাহক একদিকে এসব সুবিধা গ্রহণ করছেন, অন্যদিকে সরকার, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে রিট ও অন্যান্য মামলা চালিয়ে যাচ্ছেন।

এ পরিস্থিতিতে ব্যাংকিং খাতের মামলাজট কমাতে প্রণোদনা প্যাকেজ বা অন্য যেকোনো নীতি সহায়তা দেওয়ার আগে আবেদনকারীর বিরুদ্ধে নয়, বরং আবেদনকারীর করা সরকার, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার নিশ্চিত করতে বলা হয়েছে।

এ ছাড়া আবেদনকারীকে প্রত্যাহার করা মামলার তালিকা সংযুক্ত করে একটি হলফনামা দিতে হবে, যেখানে উল্লেখ থাকবে যে সরকার, বাংলাদেশ ব্যাংক বা সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে তার কোনো মামলা বা রিট আবেদন অনিষ্পন্ন নেই।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ