Views Bangladesh Logo

বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ দিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। এ লক্ষ্যে দুবাইয়ে একটি আইনজীবী প্রতিষ্ঠান (ল’ ফার্ম) নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

রোববার (২ আগস্ট) বিকেলে রাজশাহী পুলিশ লাইন্সে রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মহানগর পুলিশের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেনজীর আহমেদ দুবাইয়ের আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন বলে সরকার অবগত হয়েছে। এ বিষয়ে দুবাইয়ে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং আদালতের জামিন আদেশের সত্যায়িত কপি সংগ্রহের চেষ্টা চলছে।

তিনি বলেন, জামিন আদেশের সার্টিফায়েড কপি সংগ্রহের চেষ্টা করছি। সেই আদেশ বাতিলের জন্য বাংলাদেশ সরকার দুবাইয়ে একটি ল’ ফার্ম নিয়োগ করেছে। আমরা আশা করছি, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। বাংলাদেশ থেকে নিয়োগ দেওয়া আইনজীবী প্রতিষ্ঠান বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম পরিচালনা করছে।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ২৭ জুলাই সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত বেনজীর আহমেদের জামিন আবেদন মঞ্জুর করেন। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে ৩০ জুলাই তিনি কারামুক্ত হন। তবে আদালতের শর্ত অনুযায়ী, তার পাসপোর্ট আদালতের হেফাজতেই থাকবে এবং আদালতের অনুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না।

বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচার, পাসপোর্টে জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব অভিযোগের ভিত্তিতে ২০২৫ সালের ১১ এপ্রিল তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়। পরবর্তীতে সেই নোটিশের ভিত্তিতে তাকে দুবাইয়ে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ।

সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ ১২ জুন ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে গ্রেপ্তারের বিষয়টি জানায়। এরপর সরকার কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয় এবং নির্ধারিত সময়ের মধ্যে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠায়।

পরবর্তীতে দুবাই পুলিশ প্রত্যর্পণ বিষয়ে নীতিগত সম্মতি জানিয়ে বাংলাদেশ সরকারের কাছে অতিরিক্ত কিছু তথ্য ও ব্যাখ্যা চায়। প্রয়োজনীয় নথিপত্র আদান-প্রদানের প্রক্রিয়া চলাকালেই বেনজীরের জামিনে মুক্তির খবর সামনে আসে, যা তার প্রত্যর্পণ প্রক্রিয়াকে নতুন করে জটিলতার মুখে ফেলেছে।

উল্লেখ্য, বর্তমানে বেনজীর আহমেদের বিরুদ্ধে দুদকের করা ছয়টি দুর্নীতির মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলার বিচার চলছে, আর বাকি মামলাগুলোর তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ