১০০ দিনে ৯০.৬৬ মিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ পরিশোধ করেছে সরকার: মাহদী আমিন
বর্তমান বিএনপি সরকারের প্রথম ১০০ দিনে ৯০.৬৬ মিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।
সোমবার (২৫ মে) ‘সরকারের ১০০ দিন’ পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মাহদী আমিন বলেন, অগ্রাধিকারভিত্তিক নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, সরকার গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে দৃঢ়প্রতিজ্ঞ। তবে এর সুযোগ নিয়ে একটি গোষ্ঠী সরকারের বিরুদ্ধে গুজব ও অপপ্রচার চালাচ্ছে এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, যা গণআকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক।
তিনি জানান, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ইকোনমিক করিডোর বাস্তবায়নের কাজ চলছে। পাশাপাশি দেশের প্রায় দুই লাখ ফ্রিল্যান্সারকে রাষ্ট্রীয় পরিচয়পত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এবং বন্ধ কলকারখানা চালু ও অর্থনীতিতে গতি আনতে ৬০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা করা হয়েছে।
ঢাকার বায়ুদূষণ কমাতে ২৫০টি পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। এছাড়া ফুটপাথ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পথচারীদের চলাচল সহজ করা এবং হকারদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন।
মাহদী আমিন আরও জানান, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে ১০টি দেশের মধ্যে তিনটির সঙ্গে ইতোমধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে