Views Bangladesh Logo

শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই: ডা. জাহেদ

শেখ হাসিনা নিজে দেশে ফিরুন কিংবা ভারত থেকে তাকে ফিরিয়ে আনা হোক—তাকে দেশে ফেরানোর বিষয়ে সরকারের কোনো দ্বিধা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনাকে সরকার দেশে ফিরিয়ে আনতে চায় কি না, তা নিয়ে কেউ কেউ যে ধরনের অনুমান করছেন, তা সঠিক নয়। ভারতের ওপর চাপ তৈরির জন্য প্রত্যর্পণের দাবি তোলা হচ্ছে—এমন কোনো কৌশল সরকারের নেই। ভারতের সঙ্গে আলোচনায় বিষয়টি শর্ত হিসেবে দেওয়া হয়েছিল এবং এটিকে গুরুত্বের সঙ্গে নেওয়ার কথা জানানো হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরুন, সেটিই সরকার চায়। তিনি বলেন, শেখ হাসিনা একজন আসামি, পলাতক আসামি এবং তার মৃত্যুদণ্ড হয়েছে।

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়েও কথা বলেন তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর জানিয়েছেন, শেখ হাসিনার এখন আর আপিল করার সুযোগ নেই। ফলে তিনি দেশে ফিরে বিচার পুনর্বিবেচনার সুযোগও পাবেন না।

জাহেদ উর রহমান বলেন, বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনা দেশে ফিরলে তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে এবং সরকার তাকে দেশে ফিরিয়ে আনতে চায়।

সম্প্রতি শেখ হাসিনা ভারতের বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার বিষয়টি উল্লেখ করে ভারত সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার মতে, প্রত্যর্পণ না হওয়া পর্যন্ত অন্তত শেখ হাসিনা যেন এ ধরনের কর্মকাণ্ড চালাতে না পারেন, সে বিষয়ে ভারত সরকারের পদক্ষেপ নেওয়া উচিত।

তিনি বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্কের উন্নয়নে ভারত চাইলে তাৎক্ষণিকভাবে একটি পদক্ষেপ নিতে পারে। সেটি হলো শেখ হাসিনাকে গণমাধ্যমে বক্তব্য দেওয়া থেকে বিরত রাখা।

ভারতে শেখ হাসিনা কী ধরনের মর্যাদা বা অধিকার ভোগ করছেন, সে বিষয়েও স্পষ্ট কোনো তথ্য নেই বলে মন্তব্য করেন জাহেদ উর রহমান।

তিনি বলেন, শেখ হাসিনার বক্তব্যের কারণে বাংলাদেশের মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হচ্ছে, তা ভারতীয় পক্ষের বোঝা উচিত। সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় বাংলাদেশিরা হামলার শিকার হওয়ার প্রসঙ্গও তিনি তুলে ধরেন।

বাংলাদেশ-ভারত সম্পর্কের উন্নয়নে আস্থার পরিবেশ তৈরি করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। এ ক্ষেত্রে ভারতকে বাংলাদেশের সঙ্গে আরও কার্যকরভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান জাহেদ উর রহমান।

সার্বিকভাবে শেখ হাসিনার প্রত্যর্পণের দাবিকে সরকারের গুরুত্বপূর্ণ অবস্থান হিসেবে তুলে ধরে তিনি বলেন, তাকে দেশে ফেরানোর বিষয়ে সরকারের কোনো কৌশল বা দ্বৈত অবস্থান নেই। তিনি নিজে দেশে ফিরুন কিংবা ভারত থেকে তাকে ফিরিয়ে আনা হোক—সরকার তাকে দেশে ফেরাতে চায়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ