Views Bangladesh Logo

ব্যবসা সহজীকরণ ও জটিলতা কমাতে জাতীয় টাস্কফোর্স গঠন

দেশে ব্যবসা ও বিনিয়োগ পরিবেশকে আরও সহজ, প্রতিযোগিতামূলক এবং বিনিয়োগবান্ধব করে তুলতে ‘ন্যাশনাল টাস্কফোর্স অন ডিরেগুলেশন অ্যান্ড বিজনেস ফ্যাসিলিটেশন’গঠন করেছে সরকার। গঠিত এই টাস্কফোর্স ব্যবসা পরিচালনায় অপ্রয়োজনীয় নিয়মকানুন ও জটিলতা নিরসন, লাইসেন্স প্রদান ও অনুমোদন প্রক্রিয়া সহজীকরণ এবং সরকারি সেবায় সিঙ্গেল উইন্ডো, স্বয়ংক্রিয় অনুমোদন ও অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা চালুর নীতিগত নির্দেশনা প্রদান করবে।

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, এই টাস্কফোর্সের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী। কমিটির সদস্য হিসেবে থাকছেন পরিবেশমন্ত্রী, শিল্পমন্ত্রী ও আইনমন্ত্রী। এ ছাড়াও অর্থ বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টাগণসহ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান এবং বিনিয়োগ ও ক্যাপিটাল মার্কেট বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীকে এই কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব, নৌপরিবহন সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এবং যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের (আরজেএসসি) রেজিস্টার। অন্যদিকে ব্যবসা ও শিল্প খাতের প্রতিনিধি হিসেবে এফবিসিসিআই, ফিকি, ডিসিসিআই, এমসিসিআই, বিজিএমইএ এবং বিকেএমইএ-এর সভাপতিদের রাখা হয়েছে।

টাস্কফোর্সের অন্যতম প্রধান কাজ হবে কর্মপরিকল্পনা ও ব্যবসা সহজীকরণ সংক্রান্ত বিভিন্ন খাতভিত্তিক সংস্কার এবং রোডম্যাপ অনুমোদন ও বাস্তবায়নের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা। একইসাথে লাইসেন্স অনুমোদন, ছাড়পত্র, কর, শুল্ক, ব্যাংকিং, ক্যাপিটাল মার্কেট, নির্মাণ, পরিবেশ ও স্থানীয় সেবার মতো খাতগুলোতে বিদ্যমান বাধাগুলো চিহ্নিত করে তা সহজীকরণের নির্দেশনা দেবে এই কমিটি।

সরকারি সেবায় সিঙ্গেল উইন্ডো প্রবর্তন, সার্ভিস লেভেল এগ্রিমেন্ট (এসএলএ) বাস্তবায়ন, ডিজিটাল বা স্বয়ংক্রিয় অনুমোদন প্রদান এবং অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা চালুর ক্ষেত্রেও প্রয়োজনীয় নীতিগত নির্দেশনা প্রদান করবে কমিটি।

এ ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যকার আন্তঃমন্ত্রণালয় জটিলতা নিরসন, প্রয়োজনীয় আইন, বিধি-বিধান, প্রজ্ঞাপন ও প্রশাসনিক আদেশ সংশোধনের প্রয়োজনীয়তা চিহ্নিতকরণ এবং ব্যবসায়ী ও সেবাগ্রহীতাদের অভিযোগ, অনিয়ম ও বিলম্বের বিষয়গুলো মনিটরিং করার দায়িত্ব দেওয়া হয়েছে টাস্কফোর্সকে।

গঠিত টাস্কফোর্সের সার্বিক কার্যক্রম ও অগ্রগতি প্রতি তিন মাস পরপর পর্যালোচনা করা হবে। প্রয়োজনে নতুন সদস্য কো-অপ্ট করার এখতিয়ার রাখা এই টাস্কফোর্সের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ব্যবসা পরিচালনার অপ্রয়োজনীয় নিয়ম-কানুন ও জটিলতা হ্রাস করা, সেবা প্রদান প্রক্রিয়াকে দ্রুত ও স্বচ্ছ করা এবং দেশে বিনিয়োগ ও ব্যবসার অনুকূল পরিবেশ গড়ে তোলা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ