Views Bangladesh Logo

চা শিল্পের উন্নয়নে ১২ সদস্যের কমিটি করল সরকার

চা শিল্পের উন্নয়নে উচ্চপর্যায়ের ১২ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। চা বাগানের মালিকদের শ্রেণিকৃত ঋণ পুনঃতফসিল, নতুন ঋণের সুযোগ, ৬ শতাংশ সুদে আবর্তক তহবিল গঠন এবং চাকে কৃষিপণ্য হিসেবে ঘোষণার বিষয় পর্যালোচনা করে সরকারকে সুপারিশ দেবে কমিটিটি।

রোববার (১৬ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ‘বাংলাদেশের চা শিল্পের উন্নয়নে মনিটরিং ও পরামর্শক কমিটি’ গঠনের কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক হাবিবুল হাসান।

প্রজ্ঞাপন অনুযায়ী, চা বাগানের বিদ্যমান ঋণ পরিশোধ সহজ করতে মালিকদের শ্রেণিকৃত ঋণ পুনঃনির্ধারণ বা পুনঃতফসিল এবং নতুন করে ঋণ দেওয়ার বিষয়ে সুপারিশ করবে কমিটি। একই সঙ্গে চা খাতের জন্য ৬ শতাংশ সুদে একটি আবর্তক বা চলমান তহবিল গঠনের সম্ভাব্যতা নিয়েও মতামত দেবে।

এ ছাড়া চাকে কৃষিপণ্য হিসেবে ঘোষণা এবং চা বাগানের অব্যবহৃত জায়গায় বাণিজ্যিকভাবে সৌরবিদ্যুতের প্যানেল স্থাপনের বিষয় পর্যালোচনা করবে কমিটি। এসব বিষয়ে মতামতসহ আগামী ৩০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটির সভাপতি করা হয়েছে বাণিজ্যমন্ত্রীকে। সদস্য হিসেবে থাকছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ভূমি মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, কৃষি মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ চা সংসদের চেয়ারম্যান, বাংলাদেশ চা সংসদের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক এবং টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট পদে সিনিয়র সচিব থাকলে তাকেও কমিটির সদস্য হিসেবে গণ্য করা হবে। প্রয়োজনে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ