বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা
বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলে সরকারি চাকরিজীবীরা মাসে তিন হাজার টাকা করে ভাতা পাবেন। একজন সরকারি চাকরিজীবী সর্বোচ্চ দুই সন্তানের জন্য এ সুবিধা নিতে পারবেন। অর্থাৎ দুই সন্তান বিশেষ চাহিদাসম্পন্ন হলে মাসে মোট ছয় হাজার টাকা ভাতা পাওয়া যাবে। তবে দুইয়ের বেশি সন্তান থাকলেও সর্বোচ্চ দুই সন্তানের জন্যই এ সুবিধা প্রযোজ্য হবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে প্রকাশিত ‘চাকরি (বেতন-ভাতাদি) আদেশ, ২০২৬’-এর গেজেটে এ সুবিধার কথা উল্লেখ করা হয়েছে।
গেজেট অনুযায়ী, বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য একাধিক সরকারি ভাতা একসঙ্গে নেওয়া যাবে না। এ ভাতা বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী সন্তানের মা কিংবা বাবার ব্যাংক হিসাবে দেওয়া হবে।
নবম পে স্কেলের আওতায় প্রায় ২৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সোয়া ৯ লাখ পেনশনভোগী সুবিধা পাবেন। তবে সরকারি চাকরিজীবীদের মধ্যে কতজনের বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান রয়েছে, সে বিষয়ে বর্তমানে নির্দিষ্ট তথ্য নেই। এ-সংক্রান্ত তথ্য অর্থ বিভাগের সমন্বিত বাজেট ও হিসাব ব্যবস্থাপনা সফটওয়্যারে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের চিকিৎসা, শিক্ষা, থেরাপি ও পরিচর্যায় পরিবারগুলোর অতিরিক্ত ব্যয় হয়। নতুন এ ভাতা সেই ব্যয়ের একটি অংশ মেটাতে সহায়তা করবে।
তবে এ সুবিধা পেতে কী কী শর্ত পূরণ করতে হবে, বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান হিসেবে স্বীকৃতির জন্য কোন ধরনের সনদ বা নথি প্রয়োজন এবং ভাতা পেতে কীভাবে আবেদন করতে হবে—এসব বিষয় সংশ্লিষ্ট দপ্তরের বিধি ও প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারণ করা হবে।
মতামত দিন