Views Bangladesh Logo

ঢাকার চারপাশে ৮ লেনের সড়ক নির্মাণের পরিকল্পনা করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ঢাকার চারপাশে আট লেনের সড়ক নির্মাণের পরিকল্পনা নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর কামরাঙ্গীচরে ঢাকা জেলা প্রশাসন ও বিডি ক্লিনের যৌথ উদ্যোগে দিরাই খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে তিনি এ কথা জানান।

মীর শাহে আলম বলেন, রাজধানীর চারপাশের নদী ও খালগুলো দখলমুক্ত করে পরিকল্পিতভাবে সংস্কার করা গেলে নৌপথের পাশাপাশি সড়ক যোগাযোগেও সুফল মিলবে। ঢাকার চারদিকে আট লেনের সড়ক নির্মাণের বিষয়টি সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনায় রয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, রাজধানীর পরিবেশ সুরক্ষা, জলাবদ্ধতা নিরসন ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে নদী-খাল রক্ষার কোনো বিকল্প নেই। এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ লক্ষ্য অর্জনে দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। শুধু সরকারি উদ্যোগে নদী, খাল ও জলাশয় রক্ষা করা সম্ভব নয়, নাগরিকদেরও নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মীর শাহে আলম আরও বলেন, দেশে ভালো কাজের চেয়ে সমালোচনার প্রবণতা বেশি দেখা যায়। অনেক ক্ষেত্রে সবকিছুর সঙ্গে দলীয় রাজনীতিকে যুক্ত করার চেষ্টা করা হয়। এসবের বাইরে গিয়ে জনকল্যাণমূলক কাজে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত করতে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, নদী-খাল রক্ষা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে নিয়মিত সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। এতে পরিবেশ রক্ষার পাশাপাশি জলাবদ্ধতা কমানো এবং বসবাসযোগ্য নগর গড়ে তোলার পথও সহজ হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ