ডিজিটাল প্ল্যাটফর্মে অপপ্রচার শক্তহাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা
ভুল তথ্য, অপতথ্য ও ভুয়া ভিডিও ছড়িয়ে নিরপরাধ ও সম্মানিত ব্যক্তিদের সামাজিকভাবে হেয় করার প্রবণতা রোধে আইনজীবী ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্যানেল গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্যোগের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে অপপ্রচার ও সাইবার বুলিং মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে সরকার।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ের তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান। এ সময় সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য, অপতথ্য ও ফেক ভিডিও ছড়িয়ে দেশের বহু নিরপরাধ ও সম্মানিত মানুষকে হেয় করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে সরকার বদ্ধপরিকর।
তিনি বলেন, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অনেকের বিরুদ্ধে সাইবার বুলিং করা হচ্ছে। নাগরিকদের এ ধরনের হয়রানি থেকে সুরক্ষা দেওয়া সরকারের দায়িত্ব। সেই লক্ষ্যেই আইনজীবী ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে একটি প্যানেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
উপদেষ্টা আরও বলেন, অপতথ্য ও ডিজিটাল হয়রানি প্রতিরোধে সরকার বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত দিন