Views Bangladesh Logo

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে সরকারি দপ্তর, আদালত ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটি থাকবে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের আগে ও পরে মানুষের যাতায়াত, পারিবারিক মিলন এবং ধর্মীয় উৎসব উদযাপন নির্বিঘ্ন করতে ছুটির মেয়াদ বাড়িয়ে টানা সাত দিন করা হয়েছে। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘ সময় পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন।

তবে ঈদের ছুটি শুরুর আগে ২৩ ও ২৪ মে সরকারি অফিস খোলা থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অর্থাৎ, ওই দুই দিন যথারীতি সরকারি কার্যক্রম চলবে।

এদিকে ঈদকে কেন্দ্র করে সড়ক, রেল ও নৌপথে যাত্রীদের চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হতে পারে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ