Views Bangladesh Logo

অর্থবছরের সময়কাল পরিবর্তনের সিদ্ধান্ত, নতুন সময় ১ এপ্রিল থেকে ৩১ মার্চ

বাংলাদেশে অর্থবছরের সময়কাল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতদিন দেশের অর্থবছর ১ জুলাই থেকে পরবর্তী বছরের ৩০ জুন পর্যন্ত হিসাব করা হলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী অর্থবছর হবে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, বর্তমানে ১ জুলাই থেকে ৩০ জুন অর্থবছর হওয়ায় জুলাই-আগস্টে অর্থাৎ বর্ষাকালে বিভিন্ন অবকাঠামো উন্নয়ন কার্যক্রম চলতে থাকে। বর্ষার কারণে এসব কাজ দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি কাজের গুণগত মান ক্ষতিগ্রস্ত হয় এবং জনদুর্ভোগও সৃষ্টি হয়।

নতুন অর্থবছর এপ্রিল থেকে মার্চ করা হলে বর্ষা শুরু হওয়ার আগেই অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমের বড় একটি অংশ শেষ করা সম্ভব হবে। এ কারণে ১ এপ্রিল থেকে ৩১ মার্চকে অর্থবছর হিসেবে নির্ধারণ করা যুক্তিযুক্ত বলে মনে করছে সরকার।

তবে পরিবর্তনটি সরাসরি কার্যকর না করে একটি অন্তর্বর্তীকালীন সময় রাখা হয়েছে। আগামী ২০২৭-২৮ অর্থবছরকে ট্রানজিশনাল অর্থবছর হিসেবে বিবেচনা করা হবে। ওই অর্থবছরটি নয় মাসের হবে—জুলাই ২০২৭ থেকে মার্চ ২০২৮ পর্যন্ত। এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন নিয়মে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত অর্থবছর গণনা করা হবে।

অর্থবছর পরিবর্তনের ফলে সরকারের আর্থিক ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), লেজিসলেটিভ বিভাগ, অর্থ বিভাগসহ সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে একটি কমিটি পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করবে।

এ ছাড়া অর্থবছর পরিবর্তনের জন্য বাংলাদেশের সংবিধান ও জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭-এ প্রয়োজনীয় সংশোধন আনতে হবে। একই সঙ্গে সরকারের আর্থিক ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত বিভিন্ন প্রযুক্তিগত ও প্রশাসনিক ব্যবস্থাতেও পরিবর্তন আনার প্রয়োজন হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ