প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মোহাম্মদ রাষ্ট্রপতি বলেছেন, স্বাস্থ্যসেবা প্রাপ্তি মানুষের অন্যতম মৌলিক অধিকার। ‘সবার জন্য স্বাস্থ্য’ নীতির আলোকে সরকার সর্বজনীন স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
আগামীকাল ৭ এপ্রিল ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ উপলক্ষে সোমবার (৬ এপ্রিল) দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, দেশের প্রতিটি নাগরিকের জন্য সম্মান ও মর্যাদার সঙ্গে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে রোগীর মৌলিক পরিচয় অবকাঠামো গড়ে তুলতে ইতোমধ্যে সবার জন্য ইলেক্ট্রনিক হেলথ (ই-হেলথ) কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে যথাযোগ্য মর্যাদায় ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ পালিত হচ্ছে জেনে তিনি আনন্দিত। এবারের প্রতিপাদ্য—‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সব প্রাণ’—সময়ের দাবি অনুযায়ী অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
বাণীতে রাষ্ট্রপতি আরও বলেন, স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি বিনামূল্যে মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা, মা ও শিশুর পূর্ণাঙ্গ চিকিৎসা নিশ্চিতকরণ, রোগ প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে।
তিনি দুর্নীতিমুক্ত স্বাস্থ্যখাত গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করে বলেন, গৃহীত কর্মসূচির সফল বাস্তবায়ন, নিবিড় তদারকি এবং যথাযথ বিনিয়োগের মাধ্যমে দেশের সামগ্রিক স্বাস্থ্যসেবা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।
রাষ্ট্রপতি বলেন, মানুষ, প্রাণী ও পরিবেশ—এই তিনটি একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আধুনিক সভ্যতার নানা নেতিবাচক প্রভাবের কারণে পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। তাই বিজ্ঞানভিত্তিক সমন্বিত স্বাস্থ্যসুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি।
তিনি সরকারি ও বেসরকারি চিকিৎসক, গবেষক, পরিবেশবিদ এবং সংশ্লিষ্ট সব অংশীজনকে একযোগে কাজ করার আহ্বান জানান।
শেষে রাষ্ট্রপতি ‘বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা কামনা করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে