Views Bangladesh Logo

বিএনপিকে ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হচ্ছে: পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দীর্ঘ ১৭ বছর দেশে কোনো নির্বাচিত সরকার ছিল না। তাই ১৭ বছরের জঞ্জাল বিএনপি সরকারের দায়িত্বে পরিষ্কার করতে হবে। বর্জ্য ও আবর্জনা পরিষ্কার করার কাজ বর্তমানে আমাদের করতে হচ্ছে।

শুক্রবার (১৩ মার্চ) দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি বাজারে খাল খনন কার্যক্রম পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, খালগুলো দখলমুক্ত করা হবে। খাল খনন কার্যক্রম শুরু হলে সচেতন মহলকে বিশেষভাবে সহযোগিতা করতে হবে। তিনি আরও বলেন, দেশপ্রেমিক সরকার হিসেবে আমরা দেশবাসীর সহযোগিতা চাই।

এ্যানি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ মার্চ দিনাজপুরে কাহারোল উপজেলার বলরামপুরে প্রায় সাড়ে ১২ কিলোমিটার দীর্ঘ সাহাপাড়া খাল খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পাশাপাশি সারা দেশে খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে লক্ষ্মীপুরের তিনটি খাল পরিদর্শন করা হয়েছে।

মন্ত্রী বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, আমরা যে খাল খনন কার্যক্রম হাতে নিয়েছি, সেগুলোতে যে হারে বর্জ্য ও আবর্জনা জমে আছে তা আগে পরিষ্কার করতে হবে এবং অবৈধ দখলমুক্ত করতে হবে। এর মাধ্যমে জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে; না হলে জনগণ সুফল পাবে না।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ