কাতার থেকে আরও ২ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দীর্ঘমেয়াদি সরকারি (জিটুজি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে আরও দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪৬তম সভায় এ ক্রয় প্রস্তাবটির অনুমোদন দেওয়া হয়। দেশে ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটানোর ধারাবাহিক প্রস্তুতির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।
কমিটিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পেশ করা প্রস্তাব অনুযায়ী, কাতারের এই এলএনজি কার্গো দুটি ২০২৬ সালের ৬ নভেম্বর এবং ২২ নভেম্বর দেশে পৌঁছাবে।
বিদ্যমান জিটুজি চুক্তির নির্ধারিত মূল্যের চেয়ে কিছুটা ভিন্ন দামে এই দুই কার্গো এলএনজি কেনা হচ্ছে। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ধরা হয়েছে ‘জেকেএম’ সূচক থেকে ০.০২ ডলার কম।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে প্রস্তাবটি সভায় উপস্থাপন করা হলে অতিরিক্ত দুই কার্গো এলএনজি সরবরাহের জন্য কাতার এনার্জি ট্রেডিং এলএলসি-কে সুপারিশ করে কমিটি এবং সার্বিক পর্যালোচনার পর প্রস্তাবটির অনুমোদন দেওয়া হয়।
মতামত দিন