আরও ৩ নতুন উপজেলা ও এক থানার অনুমোদন
দেশের প্রশাসনিক কাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে আরও তিনটি নতুন উপজেলা এবং একটি নতুন থানা গঠনের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।
বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত নিকারের ১২১তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুমোদন পাওয়া নতুন তিনটি উপজেলা হলো চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গরা এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও (পাগলা)। এছাড়া চট্টগ্রামে হালদা নামে একটি নতুন থানা গঠনেরও অনুমোদন দেওয়া হয়েছে।
নিকারের সিদ্ধান্ত অনুযায়ী, ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত হবে ফটিকছড়ি উত্তর উপজেলা। কুমিল্লার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে গঠন করা হবে বাঙ্গরা উপজেলা। অন্যদিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে গঠিত হবে দক্ষিণ গফরগাঁও উপজেলা। পাশাপাশি হাটহাজারী থানাকে বিভক্ত করে প্রতিষ্ঠা করা হবে হালদা থানা।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, বৈঠকে নতুন উপজেলা ও থানা অনুমোদনের পাশাপাশি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশগুলো ঢাকা জেলার প্রশাসনিক সীমানার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, নিকারের অনুমোদিত প্রস্তাবগুলো সরকারি প্রজ্ঞাপন জারির পর কার্যকর হবে। এরপর নতুন উপজেলা ও থানার প্রশাসনিক সীমানা নির্ধারণ, জনবল নিয়োগ এবং অন্যান্য আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হবে।
সভায় স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলম, গৃহায়নমন্ত্রী জাকারিয়া তাহের, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত দিন