কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত সরকারের
কুমিল্লা নগরীর পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাকে আধুনিক ও টেকসই রূপ দিতে কুমিল্লা ওয়াসা গঠনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১৩ মে) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সভায় কুমিল্লা নগরীর ক্রমবর্ধমান জনসংখ্যা ও দ্রুত নগরায়ণের প্রেক্ষাপটে সুপেয় পানি সরবরাহ, আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদি নগর ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার বিষয়গুলো বিশেষভাবে আলোচনায় আসে। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, কুমিল্লা শহরের নাগরিকদের জন্য একটি কার্যকর ও আধুনিক পানি ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলতে ওয়াসা গঠন এই মুহূর্তে সময়োপযোগী উদ্যোগ।
তিনি সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে পরস্পরের সঙ্গে সমন্বয় রেখে দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার নির্দেশনা দেন। একইসঙ্গে নগরবাসীর নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে পরিকল্পিত ও টেকসই পদক্ষেপ নেওয়ার ওপরও জোর দেন তিনি।
সভায় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে