সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরা জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরা জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (৪ জুন) স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইফুল ইসলাম। চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মো. শরীফুজ্জামানকে। আর সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. হাবিবুল ইসলাম হাবিব।
স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২৬-এর আওতায় জেলা পরিষদ আইন, ২০০০-এর ধারা ৮২ক (১) অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা সংশ্লিষ্ট জেলা পরিষদে পূর্ণকালীন দায়িত্ব পালন করবেন। জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা সরকার পরবর্তী কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত তারা দায়িত্বে বহাল থাকবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২৬-এর ধারা ৮২ক (৩) অনুযায়ী প্রশাসকরা জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। পাশাপাশি প্রচলিত বিধি-বিধান অনুযায়ী তারা ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।
স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা জানান, নির্বাচিত পরিষদ গঠনের আগ পর্যন্ত জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম সচল রাখা এবং জনসেবা কার্যক্রম অব্যাহত রাখতেই এসব নিয়োগ দেওয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে