প্রধানমন্ত্রী আগামীকাল দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন
প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী সেচব্যবস্থা উন্নয়ন ও কৃষি অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে দেশব্যাপী ৫৩টি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করতে যাচ্ছেন। আগামীকাল সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী রোববার (১৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী সকালে রাজধানী থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। পরে সেখান থেকে সড়কপথে দিনাজপুরের কাহারোলের উদ্দেশ্যে রওনা হবেন।
এর আগে শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঘোষণা দেন যে, ১৬ মার্চ দিনাজপুর থেকে দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু হবে।
দিনাজপুর সফরকালে প্রধানমন্ত্রী কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ একটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। এই উদ্বোধনের মধ্য দিয়ে একযোগে সারা দেশে ৫৩টি খাল পুনঃখনন কার্যক্রম শুরু হবে। পরে সেখানে আয়োজিত এক জনসমাবেশে বক্তব্য দেবেন তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় খনন করা অনেক খাল বর্তমানে ভরাট হয়ে গেছে। সেসব খাল পুনঃখননের মাধ্যমে সেচব্যবস্থা উন্নয়ন, মাছ চাষ, হাঁস পালনসহ খালনির্ভর গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটি বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ অংশ।
গত শুক্রবার প্রস্তাবিত প্রকল্প এলাকা পরিদর্শনের পর মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, কাহারোলের সাহাপাড়ার প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এই খাল পুনঃখননের ফলে সরাসরি প্রায় সাড়ে তিন লাখ মানুষ উপকৃত হবেন। এতে বর্ষা মৌসুমে অতিরিক্ত বন্যা থেকে সুরক্ষা মিলবে এবং শুষ্ক মৌসুমে কৃষকরা নিয়মিত সেচ সুবিধা পাবেন।
তিনি আরও জানান, পানিসম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসির সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। খালের পাড় সংরক্ষণ, টেকসই বাঁধ নির্মাণ এবং ব্যাপক বৃক্ষরোপণও এর অংশ থাকবে। খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় মানুষের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে