উচ্চশিক্ষায় নারীদের অংশগ্রহণ বাড়াতে স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার উদ্যোগ
নারীশিক্ষার প্রসার ও নারীর ক্ষমতায়ন জোরদার করতে দেশের মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ সম্প্রসারণের ঘোষণা দিয়েছে সরকার। ২০২৬–২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় এই নতুন উদ্যোগের কথা জানানো হয়।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বাজেটে নারীদের উচ্চশিক্ষায় অংশগ্রহণ বাড়াতে বিশেষ এই উদ্যোগকে অন্যতম গুরুত্বপূর্ণ নীতিগত পদক্ষেপ হিসেবে তুলে ধরা হয়।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, ধাপে ধাপে দেশের মেয়েদের স্নাতক পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা হবে। এর মাধ্যমে উচ্চশিক্ষায় নারীদের অংশগ্রহণ বাড়বে এবং কর্মক্ষেত্রে তাদের উপস্থিতিও আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
বাজেট অনুযায়ী, নতুন অর্থবছরের মোট আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা দেশি ও বিদেশি ঋণের মাধ্যমে পূরণের পরিকল্পনা রয়েছে।
শিক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের মানবসম্পদ উন্নয়ন ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে বড় ধরনের পরিবর্তন আসবে। বিশেষ করে গ্রামীণ ও নিম্নআয়ের পরিবারের মেয়েদের জন্য উচ্চশিক্ষার সুযোগ অনেক সহজ হবে।
তারা আরও বলছেন, দীর্ঘমেয়াদে এটি শুধু শিক্ষার হারই বাড়াবে না, বরং কর্মসংস্থান, উদ্যোক্তা তৈরি এবং সামাজিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে।

মতামত দিন