Views Bangladesh Logo

গোপালগঞ্জে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সরকারি বরাদ্দ স্থগিত

গোপালগঞ্জে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারি বরাদ্দের তৃতীয় কিস্তির অর্থ ছাড় স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আগামী জানুয়ারি থেকে মার্চ মেয়াদের এই বরাদ্দ আপাতত দেওয়া হবে না। বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সরকারের একাধিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে সাধারণত চার কিস্তিতে অর্থসহায়তা দেওয়া হয়। তবে গোপালগঞ্জের ক্ষেত্রে তৃতীয় কিস্তির অর্থ ছাড় না করার সিদ্ধান্ত হয়েছে।

গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিক্ষোভ, ভাঙচুর ও সহিংসতার ঘটনার পর জেলার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। একই সঙ্গে পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রমও স্বাভাবিক অবস্থায় ফেরেনি।

নিরাপত্তাঝুঁকি বিবেচনায় আপাতত গোপালগঞ্জে ট্রেন চলাচল চালুর সিদ্ধান্ত নিচ্ছে না সরকার। পরিস্থিতি স্বাভাবিক হলে রেল যোগাযোগ পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে পুড়ে যাওয়া দুই থানার কার্যক্রম বর্তমানে গোপালগঞ্জ সদর থানা থেকে পরিচালিত হচ্ছে। থানা দুটি সংস্কারের কাজও এখনো শুরু হয়নি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী জানিয়েছেন, ট্রেন যোগাযোগ চালুর বিষয়টি রেলপথ মন্ত্রণালয় দেখবে। অন্যদিকে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির জানিয়েছেন, থানা দুটির সংস্কারকাজ শুরু হতে আরও সময় লাগবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ