জরুরি বাঁধ মেরামতে অতিরিক্ত ১০০ কোটি টাকা বরাদ্দ দিল সরকার
দুর্যোগকালীন জরুরি বাঁধ মেরামতের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতায় অতিরিক্ত ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের “কন্টিনজেন্সি এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট” খাত থেকে এই অর্থ ছাড় করা হয়েছে।
পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে এবং নির্দিষ্ট শর্ত সাপেক্ষে এ বরাদ্দ অনুমোদন করে অর্থ বিভাগ। কর্মকর্তারা জানান, বর্ষা মৌসুমে নদীভাঙন রোধ ও জরুরি মেরামত কার্যক্রম জোরদারে এই অর্থ প্রয়োজনীয় হয়ে পড়ে।
এর আগে পানি সম্পদ মন্ত্রণালয় নদীভাঙন প্রতিরোধ ও জরুরি সংস্কার কাজে অতিরিক্ত ৩০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছিল। নদীভাঙনের কারণে প্রতিবছর হাজারো পরিবার বাস্তুচ্যুত হয় এবং ঘরবাড়ি, ফসলি জমি ও স্কুল-মসজিদসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় বলে প্রস্তাবে উল্লেখ করা হয়।
চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে পাউবোর জরুরি বাঁধ মেরামতের জন্য আগে থেকেই ৫৪০ কোটি টাকা বরাদ্দ ছিল। এর মধ্যে এপ্রিল ২০২৬ পর্যন্ত ২৬৯.৯২ কোটি টাকা ব্যয় হয়েছে, ফলে ২৭০.০৮ কোটি টাকা অব্যবহৃত রয়েছে।
তবে চলমান বর্ষা ঝুঁকি এবং অর্থবছরের সীমিত সময় বিবেচনায় অতিরিক্ত অর্থ বরাদ্দকে যৌক্তিক বলে মনে করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অর্থ বিভাগের অনুমোদন অনুযায়ী, এই ১০০ কোটি টাকা নির্দিষ্ট খাতেই ব্যয় করতে হবে এবং অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। পাশাপাশি সব আর্থিক বিধি-বিধান মেনে এবং সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী অর্থ ছাড় করতে হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে