Views Bangladesh Logo

গরের বোয়িং বিমান কেনার মন্তব্য আগের চুক্তির হয়ে থাকতে পারে: শামা ওবায়েদ

বাংলাদেশের বোয়িং কোম্পানির আরও বিমান কেনার বিষয়ে মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের দেওয়া বক্তব্যটি বিমান ক্রয়সংক্রান্ত পূর্বের চুক্তির কথা উল্লেখ করেই হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘বোয়িং থেকে উড়োজাহাজ কেনার বিষয়ে তাঁর মন্তব্যটি সম্ভবত আগের চুক্তির হয়ে থাকতে পারে।’

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে ‘আরেকটি অবিশ্বাস্য চুক্তি’ স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় বাংলাদেশ আরও বোয়িং বিমান কিনতে কোটি কোটি ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে।

সার্জিও গোর আরও দাবি করেন, বাংলাদেশ তাদের প্রাথমিক বোয়িং ক্রয়ের আদেশ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। তাঁর এই মন্তব্যের পর ঢাকার পক্ষ থেকে ওয়াশিংটন বা বোয়িংয়ের সঙ্গে নতুন করে কোনো উড়োজাহাজ ক্রয়ের চুক্তি করা হয়েছে কি না, তা নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকে।

উল্লেখ্য, বিমান বহর সম্প্রসারণ কর্মসূচির অংশ হিসেবে গত ৩০ এপ্রিল ঢাকায় মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ কেনার একটি চুক্তি স্বাক্ষর করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স । চুক্তি অনুযায়ী আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি ৭৩৭-৮ ম্যাক্স উড়োজাহাজ কেনার কথা রয়েছে।

পরবর্তীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে স্পষ্ট করা হয় যে, এই ১৪টি উড়োজাহাজ ক্রয়ের চুক্তি ব্যতীত বোয়িংয়ের সঙ্গে অন্য কোনো পৃথক চুক্তি স্বাক্ষরিত হয়নি।

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছিলেন, বাণিজ্য ও বিনিয়োগসহ যুক্তরাষ্ট্রের সঙ্গে সার্বিক সহযোগিতাকে জাতীয় স্বার্থের দৃষ্টিভঙ্গি থেকেই দেখে বাংলাদেশ।

তিনি আরও বলেন, সরকার শক্ত অবস্থান থেকেই দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক গড়ে তুলবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের দৃশ্যমানতা ও প্রভাব বাড়াবে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ