গোপালগঞ্জে পুলিশের ওপর হামলায় মামলা, আসামি ৪৭৫ জন
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ৪৭৫ জনকে আসামি করে মামলা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকালে গোপালগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক আহম্মদ আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন।
মামলায় ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালসহ ৭৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আরও ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ড. রুহুল আমিন সরকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, বুধবারের সংঘাতে এখন পর্যন্ত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন প্রথমে ১৪৪ ধারা জারি করলেও তা কার্যকর না হওয়ায় রাত আটটা থেকে পরদিন সন্ধ্যা পর্যন্ত কারফিউ জারি করা হয়। পরে কারফিউর সময়সীমা আরও বাড়ানো হয়।
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপি ১৬ জুলাই ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচির ঘোষণা দেয়। এ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে টান টান উত্তেজনা দেখা দেয়।
বুধবার গোপালগঞ্জ শহরের পৌর পার্কে আয়োজিত সমাবেশ শুরুর আগেই হামলার ঘটনা ঘটে। এনসিপির কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থলে পৌঁছানোর আগেই সহিংসতা ছড়িয়ে পড়ে। পরে সমাবেশ শেষে নেতাদের গাড়িবহর হামলার শিকার হয়।
এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়, যার ফলে প্রাণহানি ও আহতের ঘটনা ঘটে। পরে সেনা ও পুলিশ নিরাপত্তায় গোপালগঞ্জ ছাড়েন এনসিপির নেতারা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে