গোপালগঞ্জে বিচারকের অপসারণ দাবিতে আইনজীবীদের বিক্ষোভ
গোপালগঞ্জে আদালত চলাকালে বিচারকের ছোড়া পেপার ওয়েটের আঘাতে এক শিক্ষানবিশ নারী আইনজীবী আহত হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট বিচারকের অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন আইনজীবীরা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ আদালত চত্বর থেকে আইনজীবীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়।
বিক্ষোভ শেষে আদালত চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন অ্যাডভোকেট হাবিবুর রহমান, অ্যাডভোকেট মিলন শরীফ, অ্যাডভোকেট রোকাইয়া আক্তার রুপাসহ আরও কয়েকজন আইনজীবী। তারা বিচারকের আচরণের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিক্ষোভে অংশ নেওয়া আইনজীবীরা বলেন, এমন আচরণ একজন বিচারকের কাছ থেকে প্রত্যাশিত নয়। যে বিচারক আদালতের ভেতরে এ ধরনের ঘটনা ঘটাতে পারেন, তাঁর বিচারিক দায়িত্ব পালনের নৈতিক অধিকার নেই বলেও মন্তব্য করেন তারা।
গত বুধবার (২২ জুলাই) গোপালগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২–এ এ ঘটনা ঘটে। আইনজীবীদের অভিযোগ, আদালত কক্ষের পেছনের বেঞ্চে কয়েকজন আইনজীবী ও বিচারপ্রার্থী কথা বলছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে বিচারক মো. সুজন মিয়া একটি কাঁচের পেপার ওয়েট ছুড়ে মারেন। সেটির আঘাতে শিক্ষানবিশ আইনজীবী সাবিহা সুলতানার মাথায় আঘাত লাগে। পরে তাঁকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনাটি নিয়ে আদালত অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আইনজীবীরা এ ঘটনার নিরপেক্ষ তদন্তের পাশাপাশি দায়ী বিচারকের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
মতামত দিন