গোপালগঞ্জে সংঘর্ষে আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ৫
গোপালগঞ্জ সদর উপজেলায় সংঘর্ষে আরও একজনের মৃত্যুতে প্রাণহানি বেড়ে দাঁড়াল পাঁচজনে। নিহত রমজান মুন্সী (২৮) একজন অটোরিকশাচালক, যিনি যাত্রী নামিয়ে ফেরার পথে সহিংসতার মধ্যে পড়ে গুলিবিদ্ধ হন।
নিহতের ভাই ইমরান মুন্সী জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে তার ভাইয়ের মৃত্যু হয়।
তিনি আরও জানান, সংঘর্ষের সময় রমজান মুন্সী অটোরিকশা চালাচ্ছিলেন। তার ডান হাতের কব্জির উপর এবং ডান পাশের বগলে গুলি লাগে। আহত অবস্থায় বুধবার রাতেই হাসপাতালে ভর্তি করা হয়।
এছাড়া ওই ঘটনায় সুমন বিশ্বাস ও আব্বাস আলী নামে আরও দুজন গুলিবিদ্ধ হন। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।
গত মঙ্গলবার থেকে গোপালগঞ্জে উত্তেজনা শুরু হয় এবং বুধবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি সমাবেশকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর পুলিশ, সেনাবাহিনী এবং আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে দিনভর হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে, যা পরবর্তীতে পুরো শহরে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় ইতোমধ্যে নিহত চারজন হলেন—দীপ্ত সাহা (৩০), রমজান কাজী (১৭), সোহেল রানা (৩৫) এবং ইমন।
সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও অন্তত ৯ জন আর আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। বৃহস্পতিবার রাত পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুধবার রাত থেকেই গোপালগঞ্জ শহরে কারফিউ জারি করে জেলা প্রশাসন, যা পরে শুক্রবার পর্যন্ত বাড়ানো হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে যৌথ নিরাপত্তা বাহিনী ২৪ জনকে আটক করেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে