গুগলের নতুন পিক্সেল ১১ সিরিজ উন্মোচন, হার্ডওয়্যারের চেয়ে আলোচনায় জেমিনি এআই
স্মার্টফোনের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির প্রতিযোগিতা আরও তীব্র হচ্ছে। এরই মধ্যে নতুন পিক্সেল ১১ সিরিজ উন্মোচন করেছে গুগল। নতুন সিরিজের হার্ডওয়্যারের পাশাপাশি এবার জেমিনি এআইকে আরও বেশি গুরুত্ব দিয়েছে প্রতিষ্ঠানটি।
বুধবার (১২ আগস্ট) গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট নতুন পিক্সেল ১১ সিরিজ উন্মোচন করে। সিরিজটিতে রয়েছে পিক্সেল ১১, পিক্সেল ১১ প্রো, পিক্সেল ১১ প্রো এক্সএল এবং পিক্সেল ১১ প্রো ফোল্ড গুগলের এবারের মূল লক্ষ্য শুধু স্মার্টফোনে এআই সুবিধা যোগ করা নয়, বরং ফোন ব্যবহারের ধরনই বদলে দেওয়া। নতুন জেমিনি সুবিধা ব্যবহারকারীর প্রয়োজন বুঝে বিভিন্ন অ্যাপে সরাসরি কাজ করতে পারবে।
যেমন বার্তা, ক্যালেন্ডার, মানচিত্রসহ গুগলের বিভিন্ন সেবা থেকে তথ্য সংগ্রহ করে জেমিনি কোনো কাজের পরবর্তী ধাপ সাজিয়ে দিতে পারবে। ভ্রমণের বিভিন্ন বিকল্প তুলনা করা, নির্দিষ্ট সময়ে কোনো জায়গায় আসন বা সুযোগ আছে কি না খুঁজে দেখা কিংবা রেস্তোরাঁয় বুকিংয়ের প্রক্রিয়া শুরু করার মতো কাজেও এটি সহায়তা করতে পারবে। এর জন্য ব্যবহারকারীকে আলাদা কোনো চ্যাটবট খুলতে হবে না। ফোনের অপারেটিং সিস্টেমের সঙ্গেই এআই সুবিধাগুলো যুক্ত থাকবে।
গুগলের ডিভাইস বিভাগের প্রধান রিক অস্টারলো সিএনবিসিকে বলেন, এআই স্মার্টফোন ব্যবহারের প্রচলিত ধারণাই বদলে দিতে পারে। গত ১০ থেকে ১৫ বছরে মোবাইল ফোন ও ল্যাপটপ ব্যবহারের পদ্ধতিতে খুব বড় পরিবর্তন আসেনি। তবে জেমিনির মতো প্রযুক্তি সেই পরিস্থিতি দ্রুত বদলে দিতে পারে। জেমিনি শুধু ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দেবে না, বরং প্রয়োজন অনুযায়ী ব্যবহারকারীর হয়ে বিভিন্ন কাজও সম্পন্ন করতে পারবে।
এদিকে অ্যাপলও গুগলের জেমিনি মডেল ব্যবহার করে সিরিকে নতুন করে সাজানোর প্রস্তুতি নিচ্ছে। তবে অস্টারলোর মতে, পিক্সেল ও আইফোন এআইকে ভিন্নভাবে কাজে লাগানোর পথে এগোচ্ছে।
গুগল এখন জেমিনিকে শুধু স্মার্টফোনের একটি ফিচার হিসেবে দেখছে না। প্রতিষ্ঠানটির পরিকল্পনায় ভবিষ্যতে ফোন, ল্যাপটপসহ বিভিন্ন ডিভাইস ব্যবহারের প্রধান মাধ্যম হয়ে উঠতে পারে এই এআই প্রযুক্তি।
মতামত দিন