Views Bangladesh Logo

হিউম্যানয়েড রোবট চালাবে গুগলের নতুন জেমিনাই এআই

 VB  Desk

ভিবি ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে নতুন অগ্রগতির ঘোষণা দিয়েছে গুগল ডিপমাইন্ড। প্রতিষ্ঠানটি ‘জেমিনাই রোবোটিক্স ২’ নামে একটি নতুন এআই সিস্টেম উন্মোচন করেছে। যেটি হিউম্যানয়েড রোবটকে ইন্টারনেট ছাড়াই মানুষের মতো বিভিন্ন দৈনন্দিন ও জটিল কাজ করতে সক্ষম করবে।

নতুন সিস্টেমটিতে ‘ইন্টেলিজেন্ট হোল-বডি কন্ট্রোল’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর ফলে রোবট আশপাশের পরিবেশ বুঝে স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নিতে এবং বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করতে পারবে। গুগল প্রকাশিত একটি ভিডিওতে রোবটকে গাছে পানি দেওয়ার ক্যান তুলে নেওয়া, লাইটের বাল্ব লাগানো এবং ময়লার ব্যাগ বাঁধার মতো কাজ করতে দেখা গেছে।

গুগল ডিপমাইন্ডের রোবোটিক্স বিভাগের প্রধান ক্যারোলিনা পারাদা বলেন, বর্তমানে অধিকাংশ রোবট নির্দিষ্ট ও পুনরাবৃত্তিমূলক কাজের জন্য তৈরি। পরিবেশ পরিবর্তিত হলে তারা নিজেরা মানিয়ে নিতে পারে না। তবে নতুন জেমিনাই রোবোটিক্স ২ প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ হিউম্যানয়েড রোবটকে মানুষের নির্দেশনা বুঝে পুরো শরীরের সমন্বিত নিয়ন্ত্রণের মাধ্যমে কাজ করার সক্ষমতা দিয়েছে।

এই মডেলে ভিশন-ল্যাঙ্গুয়েজ মডেল এবং দুটি ভিশন-ল্যাঙ্গুয়েজ-অ্যাকশন মডেল একসঙ্গে ব্যবহার করা হয়েছে। ফলে রোবট শুধু মানুষের ভাষা বুঝে যোগাযোগই করতে পারবে না, বরং চারপাশের পরিবেশ বিশ্লেষণ করে চলাফেরা, বস্তু শনাক্ত করা এবং বাস্তব কাজও করতে পারবে।

গুগল ডিপমাইন্ড এ প্রযুক্তিকে ফিজিক্যাল এজিআই বা মানুষের মতো সাধারণ বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট তৈরির পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছে। ক্যারোলিনা পারাদার ভাষায়, লক্ষ্য হলো এমন এআই তৈরি করা, যা বাস্তব জগতে মানুষের সঙ্গে কাজ করে জটিল সমস্যার সমাধান করতে সক্ষম হবে।

এর আগে গুগল ডিপমাইন্ডের প্রধান নির্বাহী ডেমিস হাসাবিস রোবটের জন্য অ্যান্ড্রয়েডের মতো একটি সাধারণ এআই প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনার কথা জানিয়েছিলেন। সেই ধারণার বাস্তবায়ন হিসেবে জেমিনাই রোবোটিক্স ২ ভবিষ্যতে বিভিন্ন নির্মাতার হিউম্যানয়েড রোবটের জন্য একটি অভিন্ন ‘মস্তিষ্ক’ হিসেবে কাজ করতে পারে। এতে নির্মাতা প্রতিষ্ঠানগুলো রোবটের হার্ডওয়্যার উন্নয়নে মনোযোগ দিতে পারবে, আর গুগলের এআই প্ল্যাটফর্ম পরিবেশ বিশ্লেষণ, সিদ্ধান্ত গ্রহণ এবং পুরো দেহের নিয়ন্ত্রণ পরিচালনা করবে।

এছাড়া গুগল জানিয়েছে, নতুন প্রযুক্তিটি অন-ডিভাইস ভিত্তিক হওয়ায় এটি ইন্টারনেট সংযোগ ছাড়াই কাজ করতে সক্ষম। ফলে দূরবর্তী অঞ্চল, শিল্পকারখানা কিংবা মহাকাশের মতো পরিবেশেও এসব রোবট কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ