স্কুলশিক্ষার্থীদের জন্য স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হচ্ছে গুগলের এআই টুল
স্কুলশিক্ষার্থীদের এআই ব্যবহারে নিয়ন্ত্রণ বাড়াতে নতুন নীতি চালু করছে গুগল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্কুল পরিচালিত অ্যাকাউন্টে জেমিনি, জেমিনি নোটবুক, গুগল ক্লাসরুমের এআই সুবিধা ও গুগল সার্চ শুরুতে বন্ধ থাকবে।
স্কুল কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া এসব সেবা ব্যবহার করতে পারবে না শিক্ষার্থীরা। তবে এআই সুবিধা পুরোপুরি বন্ধ করতে চাইলে গুগল সার্চও বন্ধ রাখতে হবে স্কুলগুলোকে।
মঙ্গলবার (৩ নভেম্বর) এক ব্লগ পোস্টে এ পরিবর্তনের ঘোষণা দেয় গুগল। প্রতিষ্ঠানটির শিক্ষা বিভাগের ভাইস প্রেসিডেন্ট ক্রিস ফিলিপস জানান, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, গবেষক ও নীতিনির্ধারকদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে স্কুলগুলোকে নতুন নীতির বিস্তারিত জানানো হবে।
নতুন ব্যবস্থায় স্কুল কর্তৃপক্ষ চাইলে জেমিনি, জেমিনি নোটবুক ও গুগল সার্চ আলাদাভাবে চালু করতে পারবে। তবে গুগল সার্চের এআই ওভারভিউ ও এআই মোড পুরোপুরি আলাদা করার সুযোগ থাকছে না। গুগলের যুক্তি, সার্চ ইঞ্জিনের সঙ্গে এআই প্রযুক্তি এতটাই যুক্ত হয়ে গেছে যে একটি থেকে অন্যটিকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করা সম্ভব নয়। ফলে কোনো স্কুল সব ধরনের এআই সুবিধা বন্ধ করতে চাইলে শিক্ষার্থীদের গুগল সার্চ ব্যবহারের সুযোগও বন্ধ করতে হবে।
এ সিদ্ধান্ত নিয়ে প্রযুক্তি ও শিক্ষা খাতে বিতর্ক তৈরি হয়েছে। সমালোচকদের আশঙ্কা, এআই নিয়ন্ত্রণ করতে গিয়ে শিক্ষার্থীদের প্রচলিত তথ্য অনুসন্ধানের সুযোগও সীমিত হতে পারে। যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের সাবেক চেয়ারম্যান লিনা খান অভিযোগ করেছেন, সার্চ বাজারে নিজেদের প্রভাব কাজে লাগিয়ে স্কুলগুলোকে এআই ব্যবহারে বাধ্য করছে গুগল। সিনেটর বার্নি স্যান্ডার্স ও নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিও সিদ্ধান্তটির সমালোচনা করেছেন।
অন্যদিকে, শিক্ষার্থীদের এআইনির্ভরতা কমাতে ‘গাইডেড লার্নিং’ সুবিধা সম্প্রসারণ করছে গুগল। এতে কোনো প্রশ্নের সরাসরি উত্তর দেওয়ার পরিবর্তে এআই বিভিন্ন প্রশ্ন, ইঙ্গিত ও ব্যাখ্যার মাধ্যমে শিক্ষার্থীদের নিজেরাই সমাধান খুঁজে নিতে সহায়তা করবে। গুগল ক্লাসরুমে বিশ্বব্যাপী এ সুবিধা চালু হয়েছে। চলতি নভেম্বরে যুক্তরাষ্ট্রের নির্বাচিত কয়েকটি স্কুলে গুগল সার্চেও পরীক্ষামূলকভাবে এটি চালুর পরিকল্পনা রয়েছে।
গুগলের দাবি, শিক্ষক ও অভিভাবকদের উদ্বেগ বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের অ্যাকাউন্টে এআই সুবিধা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির তথ্যমতে, বিশ্বজুড়ে ১৫ কোটির বেশি শিক্ষক ও শিক্ষার্থী গুগল ক্লাসরুম ব্যবহার করেন। ফলে নতুন নীতি বাস্তবায়িত হলে বিপুলসংখ্যক শিক্ষার্থীর পড়াশোনায় এর প্রভাব পড়তে পারে।
আগস্টে গুগল ক্লাসরুমে শিক্ষার্থীদের জন্য জেমিনি চ্যাটবটের ব্যবহার সম্প্রসারণ করেছিল গুগল। এর মাধ্যমে অধ্যয়ন নির্দেশিকা, কুইজ ও ফ্ল্যাশকার্ড তৈরির সুযোগ দেওয়া হয়। তবে এআইয়ের অতিরিক্ত নির্ভরতা শিক্ষার্থীদের বিশ্লেষণী ক্ষমতা ও স্বাধীনভাবে চিন্তা করার দক্ষতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে উদ্বেগ রয়েছে। নতুন নীতির মাধ্যমে এআই ব্যবহারে নিয়ন্ত্রণ বাড়ানোর পাশাপাশি শিক্ষায় প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে চায় প্রতিষ্ঠানটি।
মতামত দিন