এআই কনটেন্টের দৃশ্যমান ওয়াটারমার্ক সরানোর সুযোগ দিচ্ছে গুগল
এআই-উৎপাদিত ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্ট থেকে দৃশ্যমান ওয়াটারমার্ক সরানোর সুযোগ ব্যবহারকারীদের করে দিতে যাচ্ছে গুগল। এর ফলে কনটেন্ট ক্রিয়েটররা তাদের তৈরি কাজ উপস্থাপন বা প্রদর্শনের ক্ষেত্রে আরও বেশি স্বাধীনতা ও নিয়ন্ত্রণ পাবেন।
প্রাথমিকভাবে গুগলের ন্যানো বানানা, ওমনি ও লিরিয়া মডেল দিয়ে তৈরি কনটেন্টে একটি সহজ 'টগল' অপশনের মাধ্যমে এই সুবিধা চালু করা হবে। পরবর্তী সময়ে একই ধরনের সুবিধা জেমিনি এবং তাদের এআই ভিডিও প্ল্যাটফর্ম 'ফ্লো'-তেও যুক্ত করা হতে পারে।
তবে দৃশ্যমান ওয়াটারমার্ক সরানোর সুযোগ দেওয়া হলেও এতে এআই শনাক্তকরণ ব্যবস্থা কিন্তু পুরোপুরি বন্ধ হচ্ছে না। গুগল নিশ্চিত করেছে, ডিজিটাল কনটেন্টে অদৃশ্য 'সিনথআইডি' ওয়াটারমার্ক এবং সিটুপিএ মেটাডেটা প্রচ্ছন্নভাবেই থেকে যাবে। ফলে উপযুক্ত ডিজিটাল টুলের মাধ্যমে এআই-উৎপাদিত কনটেন্ট সহজেই যাচাই করা সম্ভব হবে।
সৃজনশীল স্বাধীনতা নিশ্চিত করা এবং এআই কনটেন্টের স্বচ্ছতা বজায় রাখার মধ্যবর্তী ভারসাম্য রক্ষার লক্ষ্যেই এই পদক্ষেপ নিয়েছে গুগল। অবশ্য প্রযুক্তি সমালোচকরা সতর্ক করে দিয়ে বলেছেন, দৃশ্যমান চিহ্ন সরিয়ে নিলে সাধারণ ব্যবহারকারীদের পক্ষে এআই-উৎপাদিত কনটেন্ট চেনা বা শনাক্ত করা বেশ কঠিন হয়ে পড়তে পারে। তা ছাড়া যেসব দেশে আইনিভাবে দৃশ্যমান এআই লেবেলিং বাধ্যতামূলক (যেমন ইউরোপীয় ইউনিয়নের কিছু অঞ্চল), সেখানে এই সুবিধা সীমিত থাকবে।
সম্প্রতি অ্যানথ্রোপিক তাদের 'ক্লড' দ্বারা তৈরি কনটেন্টের জন্য মেশিন-রিডেবল ওয়াটারমার্ক প্রযুক্তি ব্যবহারের ঘোষণা দেয়। ঠিক তার কিছুদিন পরই গুগলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত আসল। এতে এআই প্রযুক্তির স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে বিশ্বসেরা প্ল্যাটফর্মগুলোর ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি ও কৌশলের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।
মতামত দিন