Views Bangladesh Logo

শিক্ষার্থীদের এক বছর বিনামূল্যে জেমিনি প্রো ও ৪০০ জিবি ক্লাউড স্টোরেজ দিচ্ছে গুগল

 VB  Desk

ভিবি ডেস্ক

বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের জন্য বড় ধরনের সুবিধা নিয়ে এসেছে প্রযুক্তি জায়ান্ট গুগল। ‘ব্যাক টু স্কুল’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের এক বছরের জন্য বিনামূল্যে জেমিনি এআইয়ের প্রো সুবিধা এবং ৪০০ জিবি ক্লাউড স্টোরেজ ব্যবহারের সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার (২১ আগস্ট) থেকে বিশ্বজুড়ে এ সুবিধা চালু করা হয়েছে। এই অফারের আওতায় শিক্ষার্থীরা এক বছর ধরে জেমিনির প্রিমিয়াম সুবিধা ব্যবহার করতে পারবেন। পাশাপাশি সাধারণ ব্যবহারকারীদের তুলনায় জেমিনিতে দ্বিগুণ ব্যবহারের সীমা এবং ৪০০ জিবি ক্লাউড স্টোরেজ পাবেন তারা। এর সঙ্গে গুগল এআই প্রো ও ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশনেও শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড় থাকছে।

বাংলাদেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এ সুবিধা নিতে পারবেন। তবে আবেদনকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে। পাশাপাশি থাকতে হবে ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্ট এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত থাকার প্রমাণ। বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র কিংবা সর্বশেষ সেমিস্টারের ফি পরিশোধের প্রমাণপত্র দিয়ে শিক্ষার্থী হিসেবে নিজের পরিচয় যাচাই করতে হবে।

সুবিধাটি পেতে প্রথমে ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্টে লগইন করে গুগল ওয়ানের শিক্ষার্থী অফার পেজে প্রবেশ করতে হবে। সেখানে ‘গেট স্টুডেন্ট অফার’ অপশনে গিয়ে দেশ হিসেবে বাংলাদেশ নির্বাচন করতে হবে। এরপর বিশ্ববিদ্যালয়ের নাম ও নিজের তথ্য দেওয়ার পর শিক্ষার্থী পরিচয়পত্র বা সর্বশেষ সেমিস্টারের ফি পরিশোধের রসিদের ছবি আপলোড করে আবেদন জমা দিতে হবে।

গুগল তথ্য যাচাই করে আবেদন অনুমোদন করার পর অফারটি চালু করা যাবে। তবে বিনামূল্যের এই সুবিধা সক্রিয় করতে একটি আন্তর্জাতিক লেনদেন সমর্থন করে এমন পেমেন্ট কার্ড যুক্ত করতে হতে পারে। এ ক্ষেত্রে পাসপোর্টে অনুমোদিত ডুয়াল-কারেন্সি ডেবিট বা ক্রেডিট কার্ড অথবা বৈধ ভার্চুয়াল ডলার কার্ড ব্যবহার করা যাবে। এক বছরের বিনামূল্যের মেয়াদে সাধারণভাবে কার্ড থেকে কোনো অর্থ কাটা হবে না।

গুগলের জেমিনি প্রো মূলত উন্নত এআই সুবিধা কাজে লাগিয়ে পড়াশোনা ও গবেষণার বিভিন্ন কাজ সহজ করতে পারে। কোড লেখা, তথ্য বিশ্লেষণ, জটিল গণিতের সমস্যা সমাধান কিংবা কঠিন বিষয় সহজভাবে বোঝানোর পাশাপাশি অ্যাসাইনমেন্ট, প্রতিবেদন, উপস্থাপনা ও কুইজের খসড়া তৈরিতেও এটি ব্যবহার করা যায়। ফলে শিক্ষার্থীদের জন্য নতুন এই অফার পড়াশোনা ও একাডেমিক কাজে এআই ব্যবহারের সুযোগ আরও বাড়াবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ