গাড়ির ড্যাশবোর্ড থেকেই সরাসরি ব্যবহার করা যাবে গুগল মিট
গাড়ির ড্যাশবোর্ড থেকেই সরাসরি অডিও কল করার সুযোগ দিতে গুগল মিটের নতুন আইওএস সংস্করণ চালু করেছে গুগল। অ্যাপল কারপ্লে-সমর্থিত গাড়ির ড্যাশবোর্ডে সংস্করণটি ব্যবহার করা যাবে।
এক ব্লগবার্তায় গুগল জানিয়েছে, আইফোনকে কারপ্লে-সমর্থিত গাড়ির সঙ্গে সংযুক্ত করলে যাতায়াতের সময় অনলাইন বৈঠকে যুক্ত থাকা যাবে। ড্যাশবোর্ডে আসন্ন বৈঠকের তালিকা দেখা যাবে এবং এক ট্যাপেই নির্ধারিত বৈঠকে যোগ দেওয়া যাবে। চালকের মনোযোগ ধরে রাখতে শুধু অডিওনির্ভর অংশগ্রহণের সুযোগ থাকবে।
তবে নিরাপত্তার কারণে কিছু সুবিধা এই সংস্করণে রাখা হয়নি। নতুন কোনো মিটিংয়ে যোগ দেওয়ার আহ্বান জানানো, অংশগ্রহণকারীদের অনুমোদন বা বাতিল করা এবং ‘হ্যান্ড রেইজ’, প্রশ্নোত্তর ও পোলের মতো ইন্টারঅ্যাকটিভ সুবিধাগুলো এতে পাওয়া যাবে না।
গুগল মিট অ্যাপ ইনস্টল করা সব ব্যবহারকারীর জন্যই এটি কার্যকর হবে। অ্যান্ড্রয়েড অটোতেও গুগল মিট চালুর প্রস্তুতি নিচ্ছে গুগল, তবে এর সুনির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে