Views Bangladesh Logo

এবার শুধু পথ চেনানো নয়, খাবার অর্ডার থেকে হোটেল বুকিংও করে দেবে গুগল ম্যাপ

 VB  Desk

ভিবি ডেস্ক

গুগল ম্যাপ এখন আর কেবল রাস্তা চেনানোর কাজেই সীমাবদ্ধ থাকছে না, বরং ব্যক্তিগত নানা কাজেও হয়ে উঠছে অপরিহার্য সহায়ক। খাবার অর্ডার করা হোক কিংবা অচেনা শহরে হোটেল বুক করা—কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে গুগল ম্যাপ এখন এসব কাজেও দক্ষ। প্রযুক্তি জায়ান্ট গুগল সম্প্রতি তাদের ‘আস্ক ম্যাপস’ ফিচারে যুক্ত করেছে জেমিনি চালিত এমন একগুচ্ছ নতুন সুবিধা।

সবচেয়ে বড় সংযোজন হলো, এখন থেকে অ্যাপ ছেড়ে বের না হয়েই খাবার অর্ডার করা যাবে গুগল ম্যাপ থেকে। ব্যবহারকারী শুধু নিজের পছন্দ ও খাদ্যাভ্যাসের কথা চ্যাটে লিখলেই আশপাশের রেস্তোরাঁ থেকে উপযুক্ত খাবার খুঁজে বের করে দেবে গুগল ম্যাপ। স্কয়ার ও টোস্টের মতো রেস্তোরাঁ প্রযুক্তি অংশীদারদের মাধ্যমে এই সুবিধা চালু হচ্ছে, শিগগিরই যুক্ত হবে উবার ইটসও। পছন্দের খাবার নির্বাচনের পর তা সরাসরি কার্টে যোগ হয়ে যাবে, ব্যবহারকারীকে শুধু তা দেখে পেমেন্ট সম্পন্ন করতে হবে।

হোটেল বুকিংয়ের ক্ষেত্রেও একই রকম সুবিধা মিলবে। বাজেট, ঘরের আকার কিংবা আশপাশের আকর্ষণের কথা জানিয়ে গুগল ম্যাপকে জিজ্ঞাসা করলেই বাস্তব সময়ের দাম তুলনা করে ও প্রাপ্যতা যাচাই করে উপযুক্ত হোটেলের তালিকা তৈরি করে দেবে এটি। পছন্দের হোটেল বেছে নেওয়ার পর অংশীদার প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে বুকিং সম্পন্ন করা যাবে।

এ ছাড়া কোনো শহরে গিয়ে সেখানকার লাইভ শো, সংগীতানুষ্ঠান বা প্রদর্শনী সম্পর্কে জানতে চাইলেও সাহায্য করবে গুগল ম্যাপ। ব্যবহারকারীর পছন্দ বুঝে ইভেন্টের তালিকা তৈরি করার পাশাপাশি টিকিট কেনার লিংকও দিয়ে দেবে এটি।

নতুন সংযোজিত ‘পারসোনাল ইন্টেলিজেন্স’ ফিচারের মাধ্যমে জিমেইল বা গুগল ক্যালেন্ডারের সঙ্গে সংযুক্ত করে রাখা যাবে গুগল ম্যাপকে। এর ফলে ব্যবহারকারীর অনুমতি সাপেক্ষে পরবর্তী ফ্লাইটের সময় বা হোটেল বুকিংয়ের তথ্য পড়ে নিয়ে নিজে থেকেই তা মনে করিয়ে দেবে ম্যাপ, এমনকি প্রয়োজনে তৈরি করে দেবে ভ্রমণের নিখুঁত পরিকল্পনাও। এই ফিচার ডিফল্টভাবে বন্ধ থাকবে, চাইলে ব্যবহারকারী নিজে থেকে তা চালু করতে পারবেন।

পাশাপাশি নতুন একটি লাইভ ট্রানজিট উইজেটও যুক্ত হয়েছে গুগল ম্যাপে। বাস, ট্রেন বা অন্য কোনো গণপরিবহনে ভ্রমণের সময়সূচি, বিলম্ব কিংবা প্রতি মুহূর্তের হালনাগাদ তথ্য এখন সরাসরি জানিয়ে দেবে এই ফিচার।

গুগল জানিয়েছে, প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে এসব সুবিধা চালু হলেও শিগগিরই তা অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, ইন্দোনেশিয়া, জাপান, মেক্সিকোসহ আরও বিভিন্ন দেশে সম্প্রসারণ করা হবে। উল্লেখযোগ্য বিষয় হলো, চলতি সেপ্টেম্বরে অ্যান্ড্রয়েড থেকে গুগল অ্যাসিস্ট্যান্ট বন্ধ করে দেওয়ার পরিকল্পনার মধ্যেই এই আপডেট আনল গুগল, যার স্থলাভিষিক্ত হচ্ছে জেমিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ