Views Bangladesh Logo

জেমিনিতে নতুন ফিচার, সহজ হলো ‘থিঙ্কিং’ মোড ও নোটিফিকেশন নিয়ন্ত্রণ

 VB  Desk

ভিবি ডেস্ক

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট জেমিনি আরও সহজ ও ব্যবহারবান্ধব করতে নতুন ফিচার এনেছে প্রতিষ্ঠানটি। নতুন সংস্করণে ‘থিঙ্কিং’ মোড ব্যবহারের পদ্ধতি সহজ করার পাশাপাশি যুক্ত করা হয়েছে নোটিফিকেশন নিয়ন্ত্রণের সুবিধা।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গ্যাজেটস ৩৬০ জানিয়েছে, সর্বশেষ হালনাগাদের মাধ্যমে জেমিনি অ্যাপে ‘থিঙ্কিং লেভেল’ বেছে নেওয়ার প্রক্রিয়া আগের তুলনায় অনেক সহজ করা হয়েছে। একই সঙ্গে ব্যবহারকারীরা এখন আরও সহজে অ্যাপের নোটিফিকেশন সেটিংস নিয়ন্ত্রণ করতে পারবেন।

অন্যদিকে নাইনটুফাইভগুগল জানিয়েছে, আগে জটিল প্রশ্নের বিশ্লেষণধর্মী উত্তর পেতে ব্যবহারকারীদের শুরুতেই একটি নির্দিষ্ট ‘থিঙ্কিং’ মোড নির্বাচন করতে হতো। নতুন আপডেটের পর জেমিনি ডিফল্টভাবে স্ট্যান্ডার্ড মোডে কাজ করবে। প্রয়োজন হলে ব্যবহারকারীরা যেকোনো সময় এক্সটেন্ডেড থিঙ্কিং মোড চালু করতে পারবেন।

এর ফলে সাধারণ প্রশ্নের উত্তর দ্রুত পাওয়া যাবে, আবার বিশ্লেষণধর্মী বা একাধিক ধাপের জটিল প্রশ্নের ক্ষেত্রে সহজেই গভীরভাবে চিন্তা করে উত্তর দেওয়ার সুবিধা মিলবে।

এছাড়া অ্যান্ড্রয়েড সংস্করণের জেমিনি অ্যাপে নতুন নোটিফিকেশন কন্ট্রোল সুবিধা যুক্ত করা হচ্ছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাকাউন্ট মেনু থেকেই কোন ধরনের নোটিফিকেশন পেতে চান বা কোনগুলো বন্ধ রাখতে চান, তা নিজেরাই নির্ধারণ করতে পারবেন। ফলে অপ্রয়োজনীয় নোটিফিকেশন এড়িয়ে অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা আরও ব্যক্তিগত ও সুবিধাজনক হবে।

গুগল জানায়, গত কয়েক মাস ধরে ধাপে ধাপে জেমিনি অ্যাপের নকশা, কর্মক্ষমতা এবং বিভিন্ন এআই সুবিধায় উন্নয়ন আনা হচ্ছে। সর্বশেষ এই আপডেট সেই ধারাবাহিকতার অংশ। নতুন ফিচারগুলো পর্যায়ক্রমে বিশ্বের বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ