Views Bangladesh Logo

এআই জগতে গুগলের নতুন চমক, উন্মোচিত ওপেন সোর্স মডেল ‘জেম্মা ৪’

 VB  Desk

ভিবি ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় নতুন চমক দেখিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। বিশ্বজুড়ে ডেভেলপার ও প্রযুক্তিপ্রেমীদের জন্য প্রতিষ্ঠানটি উন্মোচন করেছে তাদের এযাবৎকালের অন্যতম শক্তিশালী ‘ওপেন-ওয়েট’ এআই মডেল জেম্মা ৪। গুগল ডিপমাইন্ড-এর উন্নত গবেষণার ভিত্তিতে তৈরি এই মডেলটি গুগলের প্রিমিয়াম এআই প্রযুক্তি জেমিনি ৩-এর ওপর নির্মিত, যা এআই ব্যবহারে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী জেম্মা ৪ চারটি ভিন্ন সংস্করণে উন্মুক্ত করা হয়েছে। সাধারণ স্মার্টফোন ও হালকা ডিভাইসের জন্য রয়েছে ইফেক্টিভ ২বি ও ইফেক্টিভ ৪বি সংস্করণ। অন্যদিকে বড় ও জটিল কাজের জন্য রাখা হয়েছে ২৬বি এমওই এবং ৩১বি ডেন্স মডেল।

মডেলটির সবচেয়ে বড় আকর্ষণ হলো এর অফলাইন কার্যক্ষমতা। ছোট ডিভাইস যেমন স্মার্টফোন, ল্যাপটপ কিংবা রাসবেরি পাইয়েও এটি সহজে চালানো যাবে। ফলে ব্যবহারকারীরা ইন্টারনেট সংযোগ ছাড়াই এআই ব্যবহার করতে পারবেন, যা ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা আরও জোরদার করবে।

জেম্মা ৪ শুধু লেখাভিত্তিক কাজেই সীমাবদ্ধ নয়। এটি ভিডিও, ছবি ও অডিও সরাসরি বিশ্লেষণ করতে সক্ষম। পাশাপাশি বাংলাসহ বিশ্বের ১৪০টিরও বেশি ভাষা সমর্থন করায় এর ব্যবহারযোগ্যতা বহুগুণ বেড়েছে।

জটিল গাণিতিক বিশ্লেষণ, যৌক্তিক সমস্যা সমাধান এবং কোডিং সহায়তার ক্ষেত্রেও মডেলটি আগের সংস্করণগুলোর তুলনায় অনেক বেশি কার্যকর। বড় তথ্যভান্ডার বিশ্লেষণ কিংবা দীর্ঘ নথি দ্রুত স্ক্যান করে ফলাফল দেওয়ার ক্ষেত্রেও এটি শক্তিশালী সক্ষমতা দেখাবে বলে জানিয়েছে গুগল।

অ্যাপাচি ২.০ লাইসেন্স-এর আওতায় মডেলটি উন্মুক্ত করায় বিশ্বের যেকোনো ডেভেলপার বা বাণিজ্যিক প্রতিষ্ঠান কোনো জটিল শর্ত ছাড়াই এটি ব্যবহার, পরিবর্তন এবং নিজস্ব প্রয়োজনে সংযুক্ত করতে পারবেন।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ওপেন সোর্স এআইয়ের বাজারে মেটার লামা মডেলকে টেক্কা দিতে জেম্মা ৪ গুগলের জন্য একটি বড় কৌশলগত পদক্ষেপ। বর্তমানে এটি গুগল এআই স্টুডিও এবং হাগিং ফেস-এর মতো প্ল্যাটফর্মে বিনামূল্যে ব্যবহার ও ডাউনলোডের জন্য উন্মুক্ত রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ