লোকেশন ডেটা নিয়ে গোপনীয়তা লঙ্ঘন, গুগলকে ৪৬৩ মিলিয়ন ডলার জরিমানা
ব্যবহারকারীদের অবস্থানসংক্রান্ত তথ্য সংগ্রহ ও ব্যবহারে ইউরোপীয় ইউনিয়নের তথ্য সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো (প্রায় ৪৬৩ মিলিয়ন ডলার) জরিমানা করেছে আয়ারল্যান্ডের ডেটা প্রোটেকশন কমিশন (ডিপিসি)। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ কয়েক হাজার কোটি টাকা।
সোমবার (২১ সেপ্টেম্বর) গুগলের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায় ইউরোপে প্রতিষ্ঠানটির প্রধান তদারকি কর্তৃপক্ষ হিসেবে কাজ করা ডিপিসি।
ডিপিসির তদন্তে ২০১৮ সালের ২৫ মে থেকে ২০২০ সালের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত গুগলের তিনটি সেবায় ব্যবহারকারীদের লোকেশন ডেটা প্রক্রিয়াকরণের বিষয়টি পর্যালোচনা করা হয়। সেবাগুলো হলো ‘ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি’, ‘লোকেশন হিস্ট্রি’ এবং ‘লোকেশন অ্যাকিউরেসি’। নিয়ন্ত্রক সংস্থার মতে, এসব ব্যবস্থায় তথ্য ব্যবহারের ক্ষেত্রে আইনসঙ্গততা, ন্যায্যতা ও স্বচ্ছতার প্রয়োজনীয় মানদণ্ড যথাযথভাবে অনুসরণ করা হয়নি।
বিশেষ করে ‘ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি’ এবং ‘লোকেশন হিস্ট্রি’ ফিচারে লোকেশন তথ্য ব্যবহারের বৈধতা ও ন্যায্যতা নিয়ে আপত্তি জানিয়েছে ডিপিসি। একই সঙ্গে ‘লোকেশন অ্যাকিউরেসি’ ফিচারের ক্ষেত্রে গুগল জিডিপিআরের আওতায় তাদের তথ্য ব্যবহারের পদ্ধতি যথাযথভাবে মেনে চলার বিষয়টি প্রমাণ করতে পারেনি বলেও উল্লেখ করা হয়েছে। তিনটি ফিচারের ক্ষেত্রেই ব্যবহারকারীদের পর্যাপ্ত তথ্য দেওয়ার বিষয়ে ঘাটতি এবং কিছু লোকেশন ডেটা প্রয়োজনের চেয়ে বেশি সময় ধরে সংরক্ষণের বিষয়টি তদন্তে উঠে এসেছে।
ডিপিসির উপকমিশনার গ্রাহাম ডয়েল বলেন, গুগলের এসব ব্যবস্থার কারণে ব্যবহারকারীরা তাদের অবস্থানসংক্রান্ত তথ্য কীভাবে কাজে লাগানো হচ্ছে, তা পুরোপুরি বুঝতে নাও পারেন। এমন তথ্য বিজ্ঞাপন দেখানোর ধরন নির্ধারণ কিংবা ব্যবহারকারীর আগ্রহ সম্পর্কে ধারণা তৈরিতে ব্যবহৃত হতে পারে। প্রয়োজনের তুলনায় দীর্ঘ সময় লোকেশন তথ্য সংরক্ষণ করায় ব্যক্তিগত তথ্যের ওপর ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ আরও কমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে বলেও জানান তিনি।
ইউরোপের কয়েকটি ভোক্তা অধিকার সংগঠনের অভিযোগ পাওয়ার পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে গুগলের বিরুদ্ধে এই তদন্ত শুরু করে ডিপিসি। অভিযোগকারী সংগঠনগুলোর মধ্যে ছিল ইউরোপীয় ভোক্তা সংগঠন বিইইউসি। জিডিপিআর কার্যকর হওয়ার পর ইউরোপে গুগলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর তথ্য সুরক্ষা কার্যক্রম তদারকির ক্ষেত্রে আয়ারল্যান্ডের ডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গুগলের বিরুদ্ধে আরোপিত ৪০৩ মিলিয়ন ইউরোর জরিমানাটি সংস্থাটির জিডিপিআর কার্যকরের পর দেওয়া চতুর্থ সর্বোচ্চ জরিমানা।
জরিমানার পাশাপাশি গুগলকে আগামী ছয় মাসের মধ্যে সংশ্লিষ্ট তথ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থা জিডিপিআরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার নির্দেশ দিয়েছে ডিপিসি। নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, এ বিষয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত পরে প্রকাশ করা হবে। এদিকে, গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তে আলোচিত বিষয়গুলো মূলত পুরোনো নীতিমালা ও ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত এবং পরবর্তী সময়ে লোকেশন ডেটা ব্যবহারে ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ বাড়ানো, স্বয়ংক্রিয়ভাবে তথ্য মুছে ফেলার সুবিধা এবং কম নির্ভুল লোকেশন তথ্য সংরক্ষণের মতো পরিবর্তন আনা হয়েছে।
মতামত দিন