চট্টগ্রামে সমাবেশে হামলাকারী জামায়াত সমর্থকদের গ্রেপ্তার দাবি গণতান্ত্রিক ছাত্রজোটের
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এ টি এম আজাহারুল ইসলামকে খালাস দেয়াকে ঘিরে চট্টগ্রামে বাম নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক ছাত্রজোট।
হামলাকারী জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিচারের পাশাপাশি এ টি এম আজহারের রায় পুনর্বিবেচনারও আহ্বান জানিয়েছেন জোট নেতারা।
বুধবার (২৮ মে) বামপন্থী নেতাকর্মীদের সাথে জামায়াত-শিবির সমর্থক শাহবাগবিরোধী মঞ্চের সংঘর্ষ ও হাতাহাতিতে বেশ কয়েকজন আহত হন।
ঘটনাস্থল চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে গ্রেপ্তার করা হয় জামায়াত সমর্থক দুজনকে। এর মধ্যে এক বামনেত্রীকে জামায়াত সমর্থক আকাশ চৌধুরীর লাথি মারার ভিডিও ভাইরাল হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্রজোটের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এনি চৌধুরী বলেন, 'রায়ের প্রতিবাদে আমাদের সমাবেশ শুরুর ঠিক আগ মুহূর্তে, বিকেল সাড়ে তিনটার দিকে পুলিশ সদস্যদের উপস্থিতিতেই জামায়াত-শিবিরের সশস্ত্র ক্যাডাররা আমাদের ওপর হামলা চালায়। হামলাকারীদের মধ্যে ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনা সম্পাদক আবরার হোসাইন রিয়াদ, জামায়াত নেতা আকাশ চৌধুরী এবং আরও কয়েকজন ছিলেন'।
সংবাদ সম্মেলনে বলা হয়, 'মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে এই রায় জাতীয় বিশ্বাসঘাতকতার নামান্তর। বিচারিক প্রক্রিয়ায় ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’কে উপেক্ষা করে সরকার জামায়াতপন্থী আইনজীবীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছে, যা বিচার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ণ করেছে'।
সংবাদ সম্মেলনে বাম নেতাকর্মীরা তিন দফা দাবি পেশ করেন।দাবিগুলো হলো জামালখানে হামলাকারী ছাত্রশিবির কর্মীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার, নারী কর্মীদের ওপর হামলায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচার নিশ্চিত এবং এ টি এম আজহারের দায়মুক্তির রায় পুনর্বিবেচনায় সর্বোচ্চ আইনগত উদ্যোগ নেয়া ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে