Views Bangladesh Logo

ইউরোপিয়ান গোল্ডেন শু জয়ের পর ব্যালন ডি’অরের স্বপ্ন দেখছেন হ্যারি কেইন

Sports Desk

ক্রীড়া ডেস্ক

অসাধারণ একটি মৌসুম কাটানোর পর এবার ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্যক্তিগত স্বীকৃতি ব্যালন ডি’অরের দিকে চোখ হ্যারি কেইনের। ইউরোপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন শু হাতে তুলে নেওয়ার পর ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখের এই তারকা জানিয়েছেন, ২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে নিজেকে এগিয়ে রাখতে মাঠে নিজের করণীয় সবই করেছেন তিনি।

২০২৫-২৬ মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে মোট ৭৩ গোল করেছেন কেইন। বায়ার্নের জার্সিতে বুন্দেসলিগায় ৩৬ গোল করে দ্বিতীয়বারের মতো ইউরোপিয়ান গোল্ডেন শু জিতেছেন তিনি। তার দুর্দান্ত পারফরম্যান্সে বায়ার্ন জার্মান লিগ ও কাপের শিরোপা জিতেছে। চ্যাম্পিয়নস লিগেও সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল জার্মান ক্লাবটি।

বিশ্বকাপেও ইংল্যান্ডের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কেইন। টুর্নামেন্টে ছয় গোল করে দলকে সেমিফাইনালে তুলেছিলেন তিনি। শেষ চারে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান থামলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন দলটির অধিনায়ক।

গোল্ডেন শু গ্রহণের পর নিজের ব্যালন ডি’অর সম্ভাবনা নিয়ে কেইন বলেন, অক্টোবর পর্যন্ত এ নিয়ে আলোচনা চলবে, সেটি তিনি জানেন। তবে পুরস্কারটি তার নিয়ন্ত্রণে নেই। গত মৌসুমে নিজের পক্ষ থেকে যা করার ছিল, সবই করেছেন বলে মনে করেন তিনি। তার ভাষায়, সেটিই ছিল ক্যারিয়ারের সেরা মৌসুম এবং ক্লাব ও জাতীয় দলের হয়ে তিনি অনেক কিছু অর্জন করেছেন।

সাবেক ইংলিশ ফুটবলার ড্যানি মিলসও মনে করেন, এবারের ব্যালন ডি’অরের লড়াই বেশ উন্মুক্ত। তার মতে, এখন পর্যন্ত কেইনই সবচেয়ে ধারাবাহিক খেলোয়াড়দের একজন। তবে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে পুরো মৌসুমে একজন খেলোয়াড়কে অন্যদের চেয়ে স্পষ্টভাবে এগিয়ে রাখা কঠিন বলেও মনে করেন তিনি।

মিলসের মতে, বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে লিওনেল মেসির ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা আরও শক্তিশালী হতো। কিন্তু রানার্সআপ হওয়ায় মেসির সম্ভাবনা আগের তুলনায় কমেছে। ফলে কেইনসহ অন্য প্রতিদ্বন্দ্বীদের সামনে পুরস্কার জয়ের সুযোগ আরও বেড়েছে বলে মনে করা হচ্ছে।

এবারের ব্যালন ডি’অর পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে আগামী ২৬ অক্টোবর লন্ডনে। ৭০তম আসরটি এবার প্রথমবারের মতো প্যারিসের বাইরে অনুষ্ঠিত হচ্ছে। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত এই পুরস্কারের জন্য কেইনের সঙ্গে আরও কয়েকজন তারকা শক্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ