দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণ ও রুপার দাম, ভরিতে ১৬৩৩ টাকা
সাম্প্রতিক সময়ে বিশ্ববাজার ও স্থানীয় বাজারে সোনার দামের ওঠানামার কারণে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণ ও রুপার দাম। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে এখন থেকে ক্রেতাদের গুনতে হবে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা।
স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের মূল্য বৃদ্ধির ওপর ভিত্তি করে এই দাম সমন্বয় করেছে বাজুস। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টা থেকেই সারাদেশে নতুন এই দাম কার্যকর করা হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন মূল্য তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
সংগঠনটির নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি গ্রাম স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ৩০০ টাকা, যা ভরি হিসাবে দাঁড়ায় ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের গহনার দাম ১৯ হাজার ৩৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ১৬ হাজার ৬৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের গহনার দাম ১৩ হাজার ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের পাশাপাশি রুপার গহনার দামও পুনর্নির্ধারণ করেছে বাজুস। নতুন নির্দেশনায় ২২ ক্যারেটের হলমার্ক করা রুপার গহনার দাম প্রতি গ্রাম ৪৩৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি গ্রাম ৪১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ৩৬০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার গহনার দাম প্রতি গ্রাম ২৭০ টাকা ধরা হয়েছে।
তবে অলংকারের নকশা ও কারুকাজ অনুযায়ী এর সঙ্গে অতিরিক্ত মজুরি যুক্ত হবে বলে জানিয়েছে বাজুস। বিজ্ঞপ্তিতে উল্লিখিত বাজারমূল্যের মধ্যেই ভ্যাট ধরা থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদা করে কোনো ভ্যাট আদায় করা যাবে না। অন্যদিকে, নির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে পুরোনো গহনা বদল বা কেনাবেচার ক্ষেত্রে বাজুসের আগের নীতিমালা বহাল থাকবে।
পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত দেশের সকল জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য তালিকা বহাল রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মতামত দিন