Views Bangladesh Logo

সোনার দাম কমার একদিন পর আবার বাড়ল

সোনার বাজারে অস্থিরতা কাটছেই না। সকাল-বিকেল দফায় দফায় দাম ওঠানামার মধ্য দিয়ে চলছে কেনাবেচা। এমন পরিস্থিতিতে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দাম কমানোর ঘোষণা দেওয়ার ২৪ ঘণ্টা না যেতেই ফের সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরিতে সর্বোচ্চ ৭ হাজার ৬৪০ টাকা পর্যন্ত সোনার দাম বাড়ানো হয়েছে। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম আবার ভরিপ্রতি ২ লাখ ৬২ হাজার টাকায় উঠে এসেছে, যা গতকাল ছিল ২ লাখ ৫৪ হাজার টাকা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বাজুসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন নির্ধারিত দাম ওই সময় থেকেই কার্যকর হবে।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর প্রভাব দেশীয় বাজারে পড়ায় দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার এক ভরি দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা।

তবে সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। বাজুসের নির্ধারিত দরে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৩৫৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে বিশ্ববাজারেও সোনার দাম ঊর্ধ্বমুখী। স্বর্ণ ও রুপার দামের তথ্য প্রকাশকারী আন্তর্জাতিক ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট ওআরজি সূত্রে জানা গেছে, শনিবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৯৬৬ ডলার। আগের দিন এই দাম ছিল ৪ হাজার ৮৫০ ডলার।

এর আগে চলতি বছরের ৩০ জানুয়ারি আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি তা বেড়ে ৫ হাজার ৫৫০ ডলারে পৌঁছায়।

বিশ্ববাজারে সোনার দামের এই ঊর্ধ্বগতির প্রভাব গত মাসের শেষের দিকে দেশীয় বাজারেও পড়ে। ২৯ জানুয়ারি সকালে বাজুস এক ধাপে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা দাম বাড়ানোর ঘোষণা দেয়। ফলে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। একই সঙ্গে এক ধাপে এত বড় অঙ্কে সোনার দাম বাড়ানোর ঘটনা এর আগে কখনো ঘটেনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ