আবারও বাড়ল সোনা-রুপার দাম
আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনা (পাকা সোনা) ও রুপার দাম বৃদ্ধির প্রভাব পড়েছে দেশের বাজারেও। এর ফলে নতুন করে দেশের বাজারে সোনা ও রুপার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুস জানিয়েছে, বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হবে।
এদিন সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দামের তথ্য জানানো হয়।
নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ২ হাজার ২১৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১০ টাকা।
এছাড়া ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০০ টাকা।
অন্যদিকে, সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।
সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ১১৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭৭৪ টাকা। ২১ ক্যারেট রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ১১৭ টাকা বাড়িয়ে ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১১৭ টাকা বাড়িয়ে ৩ হাজার ৫৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে বুধবার (৬ মে) সকাল ১০টা থেকে ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে ২১ ক্যারেট সোনার দাম ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেট সোনার দাম ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়।
বাজুসের তথ্যমতে, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৬৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ দফা দাম বাড়ানো হয়েছে এবং ২৮ দফা কমানো হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে