একদিনের ব্যবধানে বাড়ল সোনার দাম
দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ২৫৮ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। বুধবার (৬ মে) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাম বৃদ্ধির কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
বাজুসের সংশোধিত মূল্য তালিকা অনুযায়ী, এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে গুণতে হবে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। মঙ্গলবার এই মানের সোনার ভরি ছিল ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা। এছাড়া ২১ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা এবং ১৮ ক্যারেট ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকায়।
সোনার পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে রুপার দামও। মানভেদে ২২ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৬৫৭ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৩৬৫ টাকা এবং ১৮ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকায় দাঁড়িয়েছে। সনাতন পদ্ধতির রুপা এখন বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৪১ টাকায়।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় ধরনের অস্থিরতা বিরাজ করছে। বর্তমানে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনা ৪ হাজার ৬৫০ ডলারের আশেপাশে লেনদেন হচ্ছে। যদিও চলতি বছরের ২৯ জানুয়ারি এর দাম ৫ হাজার ৫৫০ ডলারে উঠলেও পরদিনই (৩০ জানুয়ারি) তা ৫ হাজার ২০০ ডলারে নেমে আসে।
মতামত দিন