Views Bangladesh Logo

পাঁচ দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার গহনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনায় ৩ হাজার ৮৪৯ টাকা বাড়ানো হয়েছে। ফলে ভ্যাটসহ এখন থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা কিনতে গুনতে হবে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে নতুন দর নির্ধারণ করা হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৩ হাজার ৬১৬ টাকা বাড়িয়ে করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৩ হাজার ১৪৯ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ২ হাজার ৫৬৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।

এর আগে সর্বশেষ গত ১৫ আগস্ট সোনার দাম বাড়িয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা নির্ধারণ করা হয়। অর্থাৎ মাত্র পাঁচ দিনের ব্যবধানে আবারও বাড়ল মূল্যবান এই ধাতুর দাম।

এদিকে সোনার পাশাপাশি বেড়েছে রুপার গহনার দামও। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৩৩ টাকা বেড়ে হয়েছে ৫ হাজার ৩০৭ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ভরিতে ২৩৩ টাকা বাড়িয়ে ৫ হাজার ৭৪ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৪ হাজার ৩৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির রুপার দামও ভরিতে ১৬৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩২৪ টাকা।

বাজুসের নির্ধারিত এসব দাম অনুযায়ী, ১১ দশমিক ৬৬৪ গ্রাম বা এক ভরি ওজনের গহনার মূল্য নির্ধারণ করা হয়। তবে গহনা কেনার সময় নির্ধারিত সোনার দামের সঙ্গে মজুরি ও অন্যান্য প্রযোজ্য খরচ যোগ হওয়ায় ক্রেতাকে আরও বেশি অর্থ পরিশোধ করতে হতে পারে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ