Views Bangladesh Logo

তিন দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তিন দিনের ব্যবধানে প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। শুক্রবার সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম শুক্রবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার  (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।

বাজুস আরও জানিয়েছে, অলঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। তবে অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি আলাদাভাবে যোগ হবে। এছাড়া অলঙ্কার কেনাবেচা বা পরিবর্তনের ক্ষেত্রে বাজুসের বিদ্যমান নিয়ম অপরিবর্তিত থাকবে।

এর আগে গত ২৮ জুলাই বাজুস প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ২০ হাজার ৮৫৭ টাকা নির্ধারণ করেছিল। তবে এবার সেই পরিমাণই আবার বাড়ানো হয়েছে। অন্যদিকে, রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৬০৭ টাকায়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ