Views Bangladesh Logo

টানা ৯ দফা কমার পর বাড়ল সোনার দাম

টানা নয় দফা কমানোর পর দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্থানীয় বাজারে পাকা সোনার দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংগঠনটি জানিয়েছে।

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা।

এর আগে গত ২১ নভেম্বর রাতে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৬ হাজার ১৮২ টাকা কমিয়েছিল বাজুস। তখন নতুন দাম দাঁড়িয়েছিল ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। এর আগে চলতি মাসের ৬ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত কয়েক দফায় সোনার দাম কমানো হয়। ২০ নভেম্বর একবারে ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমানোর ঘোষণা দেওয়া হয়েছিল। পরদিন আরও ৬ হাজার ১৮২ টাকা কমানো হয়। ধারাবাহিক এই দরপতনের পর দুই দিনের ব্যবধানে আবারও দাম বাড়ানোর সিদ্ধান্ত এল।

বাজুসের তথ্য অনুযায়ী, স্থানীয় বাজারে পাকা সোনার দাম বৃদ্ধির প্রেক্ষাপটে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন নির্দেশনা অনুযায়ী, গয়না তৈরির মজুরি নকশা ও মানভেদে আলাদাভাবে দিতে হবে। তবে নির্ধারিত দামের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে অতিরিক্ত ভ্যাট আদায় করা যাবে না।

এদিকে সোনার দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা নির্ধারিত রয়েছে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ