টানা তৃতীয় দফা কমল সোনার দাম
দেশের বাজারে টানা তৃতীয় দফায় সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ স্বর্ণালংকারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত কমেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
মঙ্গলবার সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। সোমবার (২৮ সেপ্টেম্বর) একই পরিমাণ সোনার দাম ছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে দাম কমেছে ২ হাজার ২১৬ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।
সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ১৪১ টাকা এবং ১৮ ক্যারেটের ৩ হাজার ৫৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার নতুন দাম ২ হাজার ৬৮৩ টাকা।
মতামত দিন