Views Bangladesh Logo

দেশের বাজারে ফের কমলো সোনার দাম, ভরিতে ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার দাম ফের কমানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা সোনা) দর কমায় মানভেদে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত কমানো হয়েছে। এতে ভ্যাটসহ ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের নতুন বিক্রয়মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। নতুন এই দর সকাল ১০টা থেকে সারাদেশে কার্যকর হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে স্বর্ণের এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ড. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই দিনের ব্যবধানে এটি দ্বিতীয় দফা দরপতন। এর আগে গত শনিবার ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমিয়েছিল সংগঠনটি। পর পর দুই দফায় ভালো মানের স্বর্ণের দাম ভরিতে কমলো ৩ হাজার ৮৪৯ টাকা ।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা এবং ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮০৮ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকায়।

স্বর্ণের দরপতনের পাশাপাশি এবার কমানো হয়েছে রূপার দামও। ভাটসহ নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রূপা ৪ হাজার ৪৯১ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৩১৬ টাকা এবং ১৮ ক্যারেট ৩ হাজার ৭৩২ টাকায় বিক্রি হবে। আর সনাতন পদ্ধতির রূপার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ২ হাজার ৭৯৯ টাকা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ