Views Bangladesh Logo

এক দিনের ব্যবধানে ফের কমলো স্বর্ণের দাম

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে বলে বাজুসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সর্বশেষ দাম অনুযায়ী, এখন থেকে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকায়। এছাড়া নতুন মূল্য তালিকায় ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকায়। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এখন থেকে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকায় বেচাকেনা হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের মূল্যে এই সমন্বয় করা হয়েছে। এর আগে মঙ্গলবার (২৮ এপ্রিল) একই পরিমাণ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৫৮ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছে, যার মধ্যে ৩২ বার দাম বেড়েছে এবং ২৬ বার কমানো হয়েছে। এর আগে ২০২৫ সালে রেকর্ড ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ছিল ৬৪ বার বৃদ্ধি ও ২৯ বার হ্রাসের ঘটনা।

এদিকে স্বর্ণের বাজার কিছুটা শিথিল হলেও বর্তমানে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বাজারে এখন ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৪৮২ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় স্থির রয়েছে। পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছর রুপার দাম এ পর্যন্ত ৩৬ বার সমন্বয় করা হয়েছে এবং গত ২০২৫ সালে এই দাম পরিবর্তনের ঘটনা ঘটেছিল ১৩ বার।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ