Views Bangladesh Logo

২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। এর ফলে এই মানের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে দাম কমানোর এই তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হবে।

নতুন নির্ধারিত মূল্য তালিকায় দেখা যায়, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা। এর আগে সবশেষ গত ২৯ এপ্রিল সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস, তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। একদিনের ব্যবধানে তা আরও এক দফা কমল।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৫৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ বার দাম বাড়ানো হলেও কমানো হয়েছে ২৭ বার।

উল্লেখ্য, বিগত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম পরিবর্তন হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।

এদিকে স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে রুপার দাম বর্তমানে অপরিবর্তিত রাখা হয়েছে। বাজারে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৪৮২ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় বেচাকেনা হচ্ছে। এ বছর এখন পর্যন্ত ৩৬ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে বেড়েছে ১৯ বার এবং কমেছে ১৭ বার। অপরদিকে ২০২৫ সালে রুপার দাম ১৩ বার সমন্বয় করা হয়েছিল, যেখানে ১০ বার দাম বেড়েছিল এবং কমেছিল মাত্র ৩ বার।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ