তিন দফা বৃদ্ধির পর কমল সোনার দাম
টানা তিন দফা দাম বাড়ানোর পর দেশে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরি প্রতি ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেট সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা, যা শুক্রবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেট সোনার ভরি ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকায় বিক্রি হবে। অলংকারের বিক্রয়মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে, তবে ডিজাইনভেদে মজুরি আলাদাভাবে যোগ হবে।
অন্যদিকে রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৭৪ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ১৪৯ টাকায় বিক্রি হচ্ছে।
মতামত দিন