Views Bangladesh Logo

সোনার দামে আরও পতন

দেশের বাজারে সোনার দাম ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।

রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সোনার দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ২১ ক্যারেটের সোনার দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের সোনা ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, গহনার নকশা ও ধরন অনুযায়ী এর সঙ্গে মজুরি যুক্ত হবে। সোনা ও রুপার গহনার বিক্রয়মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

গহনা বদলের ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে মূল্যের ওপর ১২ শতাংশ এবং গহনা কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দেওয়া হবে। বদল ও কেনাকাটার ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না বলেও জানিয়েছে সংগঠনটি।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন দাম কার্যকর থাকবে।

এর আগে গত ২৩ অক্টোবর সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের সোনার দাম ভ্যাটসহ ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছিল। তখন ২১ ক্যারেটের সোনার দাম ছিল ভরিতে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

রোববারের সমন্বয়ের মধ্য দিয়ে চলতি বছরে দেশের বাজারে সোনার দাম মোট ১২৬ বার সমন্বয় করল বাজুস। এর মধ্যে ৬০ বার দাম বাড়ানো হয়েছে, ৬৫ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয়ের কারণে দাম পরিবর্তন করা হয়েছে।

অপরিবর্তিত রুপার দাম


এদিকে দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের রুপার দাম ৩ হাজার ৮৪৯ টাকা, ২১ ক্যারেটের ৩ হাজার ৬৭৪ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৩৯১ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৭৬ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৬ বার দাম বেড়েছে এবং ৪০ বার কমেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ